বিদেশি ব্যাংক থেকেও এক লাখ ডলার উত্তোলন

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

শুধু বাংলাদেশে এটিএম কার্ড জালিয়াতিই নয়, বাংলাদেশে বসে ভিসা ও মাস্টার কার্ড জালিয়াতি করেও বিদেশের কয়েকটি ব্যাংক থেকে ১ লাখ ৮ হাজার মার্কিন ডলার তুলে নিয়েছেন জালিয়াত চক্রের সদস্যরা। এই অর্থ বিদেশি নাগরিকদের। বাংলাদেশি মুদ্রায় এর পরিমাণ ৮৬ লাখ ৪০ হাজার টাকা (প্রতি ডলারের বিনিময় মূল্য ৮০ টাকা ধরে)।
রিমান্ডে থাকা বিদেশি পিওতর সিজোফেন ও সিটি ব্যাংকের তিন কর্মকর্তাকে জিজ্ঞাসাবাদ করে ঢাকা মহানগর পুলিশের গোয়েন্দা বিভাগ (ডিবি) এ তথ্য পেয়েছে বলে জানা গেছে।
বাংলাদেশের তিন ব্যাংকের এটিএম বুথে কার্ড জালিয়াতির সঙ্গে জড়িত থাকার অভিযোগে গ্রেপ্তার হওয়া পোল্যান্ডের পাসপোর্ট ও জার্মানির পরিচয়পত্রধারী পিওতর সিজোফেন এবং সিটি ব্যাংকের তিন কর্মকর্তাকে গত সোমবার থেকে ছয় দিনের রিমান্ডে নেয় ডিবি। গতকাল ছিল রিমান্ডের প্রথম দিন।
মামলার তদন্ত তদারক কর্মকর্তা ডিবির অতিরিক্ত উপকমিশনার মো. শাহজাহান গতকাল মঙ্গলবার রাতে প্রথম আলোকে বলেন, জিজ্ঞাসাবাদে জালিয়াতির অনেক গুরুত্বপূর্ণ তথ্য পাওয়া গেছে। তাঁরা বলেছেন, শুধু তাঁরা এটিএম কার্ড জালিয়াতি করে নয়, বাংলাদেশে বসে মাস্টার কার্ড ও ভিসা কার্ড ব্যবহার করে বিদেশে কয়েকটি ব্যাংক থেকে একেকজন ২৭ হাজার মার্কিন ডলার করে তুলে নিয়েছেন। গ্রেপ্তারকৃত চারজন দলের অন্য সদস্যদের সহায়তায় জালিয়াতি করে ১ লাখ ৮ হাজার মার্কিন ডলার অর্থাৎ বাংলাদেশি ৮৬ লাখ ৪০ হাজার টাকা তুলে নিয়েছেন। জিজ্ঞাসাবাদে চক্রের অন্য সদস্য সম্পর্কেও গুরুত্বপূর্ণ তথ্য পাওয়া গেছে।
৬ থেকে ১২ ফেব্রুয়ারি বেসরকারি ব্যাংক ইস্টার্ন, সিটি ও ইউসিবিএলের গুলশান, বনানী ও মিরপুরের কালশী এলাকার চারটি বুথে ‘স্কিমিং ডিভাইস’ নামের বিশেষ যন্ত্র বসিয়ে গ্রাহকদের কার্ডের ব্যক্তিগত তথ্য চুরি এবং পরে ক্লোন কার্ড তৈরি করে টাকা তুলে নেওয়া হয়। ৬ ফেব্রুয়ারি থেকে এ ধরনের জালিয়াতির ঘটনা ঘটলেও ১২ ফেব্রুয়ারি তা জানাজানি হয়। ওই দিন ইস্টার্ন ব্যাংকের একাধিক গ্রাহক মোবাইল ফোনের খুদে বার্তার মাধ্যমে তাঁদের হিসাব থেকে টাকা তুলে নেওয়ার বিষয়টি জানতে পেরে ব্যাংকে অভিযোগ করেন। সেই অভিযোগের সূত্র ধরে তদন্ত করতে গিয়ে জালিয়াতির বিষয়টি ধরা পড়ে।
কার্ড জালিয়াতির ঘটনায় ইউসিবিএল ১২ ফেব্রুয়ারি বনানী থানায় এবং সিটি ব্যাংক ১৫ ফেব্রুয়ারি পল্লবী থানায় মামলা করে।