বিদেশি ভাষার সাইনবোর্ড অপসারণ
ঠাকুরগাঁও জেলা প্রশাসন বিদেশি ভাষার সাইনবোর্ড অপসারণ অভিযান শুরু করেছে। গত সোমবার শহরের বঙ্গবন্ধু সড়কে ২৫টি ব্যবসা প্রতিষ্ঠানে অভিযান চালিয়ে বিদেশি ভাষার সাইনবোর্ড অপসারণ করা হয়েছে।
জেলা প্রশাসন সূত্রে জানা যায়, দেশে মহান ভাষা আন্দোলনের গৌরব থাকলেও এখনো সর্বস্তরে বাংলা ভাষার প্রচলন নেই। একুশে ফেব্রুয়ারি এলে কয়েক দিন আবেগ-উচ্ছ্বাসের প্রকাশ ঘটলেও অধিকাংশ ক্ষেত্রেই মাতৃভাষার ব্যবহার উপেক্ষিত। বিলবোর্ড, সাইনবোর্ড, গাড়ির নম্বরফলক, বাড়ির নামসহ সব ক্ষেত্রেই চলছে ইংরেজি ভাষার ব্যবহার। ভাষা ব্যবহারের ক্ষেত্রে এই বিশৃঙ্খলা রোধে এক রিটের পরিপ্রেক্ষিতে চলতি বছরের ১৭ ফেব্রুয়ারি উচ্চ আদালত সাইনবোর্ড-বিলবোর্ডে ইংরেজির পরিবর্তে বাংলা ভাষা ব্যবহারের নির্দেশ দেন। গতকালের সাইনবোর্ড অপসারণ অভিযানের নেতৃত্ব দেন ঠাকুরগাঁওয়ের অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) মনজুর আলম। এ সময় শহরের বঙ্গবন্ধু সড়কে অভিযান চালিয়ে ওই সব ব্যবসা প্রতিষ্ঠানের বিদেশি ভাষার সাইনবোর্ড অপসারণ করা হয়।