বিদেশি মাছ দেশে এলেই ইলিশ!

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
রাজবাড়ীর গোয়ালন্দ উপজেলার বিভিন্ন গ্রামগঞ্জে ওমান থেকে আসা সামুদ্রিক চন্দনী মাছকে ইলিশ বলে কেটে ১৩০ থেকে ১৫০ টাকা কেজি দরে বিক্রি করা হচ্ছে। গতকাল গোয়ালন্দ বাজারের এক আড়ত থেকে তোলা ছবি l প্রথম আলো
রাজবাড়ীর গোয়ালন্দ উপজেলার বিভিন্ন গ্রামগঞ্জে ওমান থেকে আসা সামুদ্রিক চন্দনী মাছকে ইলিশ বলে কেটে ১৩০ থেকে ১৫০ টাকা কেজি দরে বিক্রি করা হচ্ছে। গতকাল গোয়ালন্দ বাজারের এক আড়ত থেকে তোলা ছবি l প্রথম আলো

পয়লা বৈশাখ সামনে রেখে রাজবাড়ীর গোয়ালন্দ উপজেলায় মাত্র ১৩০ থেকে ১৫০ টাকা কেজি দরে ইলিশ পরিচয়ে এক ধরনের মাছ বিক্রি হচ্ছে। আড়তদারেরা বলছেন, এগুলো মিয়ানমার ও ওমান থেকে আসা সামুদ্রিক মাছ। নাম চন্দনী, কলম্বো ও লাচ্চু।
গতকাল সোমবার গোয়ালন্দ পৌরসভাসহ বিভিন্ন গ্রাম-গঞ্জে কয়েকজন বিক্রেতাকে মাথায় পাতিলে করে ইলিশ বলে ডাকতে দেখা যায়। ৪০-৪৫ জন হকার বিভিন্ন অঞ্চল ঘুরে এগুলো বিক্রি করছেন।
শহরের বদিউজ্জামান ব্যাপারী পাড়ায় বিক্রেতা সালাম সরদার ১৫০ টাকা কেজি দরে দাম চাইলেও পরে ১৩০ টাকা দরে মাছ বিক্রি করেন। তিনি বলেন, ‘এগুলো ভৈরবের ইলিশ। আকারে ছোট হওয়ায় এবং বাড়তি ওজন মাপার পাথর না টানার জন্য মাছ কেটে বিক্রি করছি।’
স্থানীয় রহিমা বেগম বলেন, ‘বাজারে ইলিশের দাম অনেক। অনেক দিন ইলিশ খাওয়া হয় না। তাই দাম কম পেয়ে কিনলাম।’
নাজিমদ্দিন, শাহিন, হানিফ ও শুকদেব নামের চারজন বিক্রেতা জানান, গোয়ালন্দ থেকে তাঁরা প্রতিদিন ভোরে এ মাছ কিনে আনেন। এলাকায় নিয়ে এসে মাছগুলো কেটে খুচরা হকারদের দিয়ে বিক্রি করান। নাজিমদ্দিন প্রতিদিন ১০ কেজি ওজনের ৩০-৩৫ প্যাকেট, হানিফ ২০-২৫ প্যাকেট এসব মাছ কেনেন।
নাম প্রকাশ না করার শর্তে কয়েকজন আড়তদার বলেন, এগুলো চন্দনী, কলম্বো ও লাচ্চু নামের সামুদ্রিক মাছ। এগুলো ওমান ও মিয়ানমার থেকে জাহাজে চট্টগ্রাম বন্দরে নিয়ে আসা হয়। সেখান থেকে কাভার্ড ভ্যানের মাধ্যমে ঢাকাসহ দেশের বিভিন্ন অঞ্চলে পৌঁছে দেওয়া হয়। প্রতিদিন অন্তত এক শ মণ এই মাছ গোয়ালন্দে নামে। বিক্রেতারা এখান থেকে নিয়ে বিক্রি করেন। এর মধ্যে চকড়ি বা চন্দনীকে কখনো ভৈরব, চট্টগ্রাম বা চাঁদপুরের ইলিশ বলে চালানো হয়।
গোয়ালন্দ বাজারের আড়তদার বাদল বিশ্বাস বলেন, ‘আমরা ঢাকা থেকে চকড়ি বা চন্দনী মাছ কিনে থাকি। এর স্বাদ অনেকটা ইলিশের মতো। শুনেছি অনেকেই আমাদের কাছ থেকে নিয়ে গ্রামাঞ্চলে এগুলোকে মিয়ানমার বা কখনো দেশীয় ইলিশ বলে বিক্রি করেন। ১১০ টাকা কেজি দরে প্রতিদিন ২৫-৩০ মণ বিক্রি করি। বাজারের কিছু ব্যক্তি সামুদ্রিক মাছকে কোল্ড স্টোরের ইলিশ বলে বিক্রি করছে।’
উপজেলার ভারপ্রাপ্ত জ্যেষ্ঠ মৎস্য কর্মকর্তা সাঈদ আহম্মেদ বলেন, ‘গত রোববার উপজেলার এক সভায় এ ধরনের আলোচনা উঠে আসে। ইলিশ বলে সামুদ্রিক মাছ বিক্রি করা সাধারণ মানুষের সঙ্গে একধরনের প্রতারণা। ঊর্ধ্বতন কর্মকর্তাদের সঙ্গে কথা বলে এ বিষয়ে সিদ্ধান্ত নেব।’