বিদেশি মিশন ও সংস্থার নিরাপত্তায় সশস্ত্র আনসার

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
.
.

যুক্তরাষ্ট্রসহ বিভিন্ন দেশের কূটনীতিক ও তাঁদের পরিবারের সদস্যদের নিরাপত্তা জোরদারের জন্য তাঁদেরই নিয়োজিত নিরাপত্তারক্ষীদের অস্ত্র ব্যবহারের অনুমতি দেবে না সরকার। তবে বিভিন্ন দেশের কূটনীতিক ও মিশন চাইলে অস্ত্রধারী আনসার মোতায়েন করতে পারবে। এ সেবা পেতে বিভিন্ন দেশকে মাসিক ফি দিতে হবে। গত মঙ্গলবার বিভিন্ন দেশের দূতাবাসে এ প্রস্তাব পাঠানো হয়েছে।
সংশ্লিষ্ট সরকারি কর্মকর্তারা গত মঙ্গলবার জানান, বিদেশিদের নিরাপত্তায় গঠিত জাতীয় টাস্কফোর্সের সভায় সশস্ত্র আনসার নিয়োগের প্রস্তাবের বিষয়ে সিদ্ধান্ত হয়েছে। পররাষ্ট্রমন্ত্রী আবুল হাসান মাহমুদ আলীর সভাপতিত্বে গঠিত ওই টাস্কফোর্সের চতুর্থ সভা মঙ্গলবার রাষ্ট্রীয় অতিথি ভবন পদ্মায় অনুষ্ঠিত হয়।
বৈঠক সূত্রে জানা গেছে, বিদেশিদের নিরাপত্তায় সরকার ইতিমধ্যে গুলশান-বারিধারার কূটনৈতিক জোনে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর টহল বাড়িয়েছে। ওই এলাকার নিরাপত্তার জন্য আনসারের অতিরিক্ত ২০০ সদস্য নিয়োগ করা হচ্ছে। এ ছাড়া বিদেশি দূতাবাস ও হাইকমিশনগুলোকে আর্মড ভেহিকল (বুলেট প্রুফ এবং বিস্ফোরক নিরোধক উন্নত প্রযুক্তির গাড়ির সর্বশেষ সংস্করণ) ব্যবহারের অনুমতি দেওয়ার সিদ্ধান্ত হয়েছে।
নাম প্রকাশ না করার শর্তে পুলিশ সদর দপ্তরের এক জ্যেষ্ঠ কর্মকর্তা গতকাল প্রথম আলোকে জানান, বাড়তি নিরাপত্তা চাইলে মাসিক ফির ভিত্তিতে আনসারের সেবা নেওয়ার বিষয়ে বিভিন্ন দূতাবাসে প্রস্তাব পাঠানো হয়েছে। বাংলাদেশের যেকোনো নাগরিক ও প্রতিষ্ঠান আইনশৃঙ্খলা রক্ষায় সহায়ক বাহিনী আনসারের মাধ্যমে নিরাপত্তাসেবা নেওয়ার জন্য মাসিক ফি দিয়ে থাকেন। কাজেই বিদেশি মিশনগুলোকে এ ধরনের সেবার বিনিময়ে মাসে আড়াই শ ডলার দেওয়ার প্রস্তাব করা হয়েছে।
সংশ্লিষ্ট এক সরকারি কর্মকর্তা এই প্রতিবেদককে জানান, বিদেশি দূতাবাসে মোতায়েনের বিষয়টিকে বিবেচনায় রেখে আনসারের সদস্যদের বিশেষায়িত প্রশিক্ষণ দেওয়ার সিদ্ধান্ত নেওয়া হয়েছে।
পররাষ্ট্র মন্ত্রণালয়ের কর্মকর্তাদের সঙ্গে কথা বলে জানা গেছে, গত এপ্রিলে ঢাকায় যুক্তরাষ্ট্রের আন্তর্জাতিক সাহায্য সংস্থার (ইউএসএআইডি) কর্মকর্তা জুলহাজ মান্নান ও তাঁর বন্ধু মাহবুব তনয়ের নৃশংস হত্যাকাণ্ডের পর বিদেশি দূতাবাসগুলোর নিরাপত্তারক্ষীদের অস্ত্র বহনের বিষয়টি ব্যাপক পরিসরে আলোচনায় আসে। মে মাসে যুক্তরাষ্ট্রের মধ্য ও দক্ষিণ এশিয়াবিষয়ক সহকারী পররাষ্ট্রমন্ত্রী নিশা দেশাই বিসওয়াল এবং কূটনৈতিক নিরাপত্তাবিষয়ক সহকারী মন্ত্রী গ্রেগরি স্টার তাঁদের নিরাপত্তা নিশ্ছিদ্র করতে নিজস্ব নিরাপত্তাবলয়ের কথা তোলেন। মার্কিন কর্মকর্তাদের নিরাপত্তার দায়িত্বে নিয়োজিত একটি বেসরকারি নিরাপত্তা সংস্থার সদস্যদের (বাংলাদেশি নাগরিক) জন্য প্রকাশ্যে আধুনিক অস্ত্র বহনের অনুমতি চাওয়া হয় বাংলাদেশকে দেওয়া এক প্রস্তাবে।
এ ছাড়া ১ জুলাই গুলশানের হলি আর্টিজান বেকারির জঙ্গি হামলার পর এ দেশে কর্মরত জাপানের সাহায্য সংস্থা ও জাপানি প্রতিষ্ঠানগুলোর নিরাপত্তায় বেসরকারি নিরাপত্তাকর্মীদের অস্ত্র বহনের অনুমতি দেওয়ার অনুরোধ জানায় ঢাকায় জাপান দূতাবাস। ঢাকায় স্পেনের দূতাবাস তাদের নিরাপত্তার জন্য গত বছরের অক্টোবরে তাদের দেশ থেকে অস্ত্র বহনকারী পুলিশ মোতায়েনের অনুমতি চেয়েছিল। পররাষ্ট্র মন্ত্রণালয়ের পাঠানো ওই প্রস্তাবে স্পেন পুলিশের এক কর্মকর্তা ও দুই কনস্টেবলকে ঢাকায় নিয়োগের সুযোগ করে দেওয়ার অনুরোধ জানানো হয়েছিল। ইতালির নাগরিক সিজার তাবেলা গুলশানে খুন হওয়ার পরপরই ওই অনুরোধ জানায় স্পেন দূতাবাস। বাংলাদেশ ওই অনুরোধে সাড়া না দেওয়ায় স্পেন দূতাবাস গত জুলাইতে আবার অস্ত্র বহনকারী তিন পুলিশ নিয়োগের অনুমতি চায়।
গুলশানের রেস্তোরাঁয় জঙ্গি হামলা-পরবর্তী পরিস্থিতিতে অস্ত্র ব্যবহারের অনুমতি চেয়ে বিভিন্ন দেশের অনুরোধের বিষয়টি গুরুত্ব পেতে শুরু করে। কিন্তু বাংলাদেশের প্রচলিত অস্ত্র আইনে বিদেশিদের অস্ত্র ব্যবহারের সুযোগ নেই। তাই এ বিষয়ে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের মতামত চায় পররাষ্ট্র মন্ত্রণালয়। পরে এ নিয়ে স্বরাষ্ট্র মন্ত্রণালয় পুলিশের মতামত জানতে চায়। জানতে চাইলে পুলিশের একজন উচ্চপদস্থ কর্মকর্তা প্রথম আলোকে বলেন, প্রচলিত অস্ত্র আইনে বিদেশিদের অস্ত্র বহনের অনুমতি দেওয়ার সুযোগ নেই। এ ছাড়া তাঁদের নিরাপত্তায় নিয়োজিত বেসরকারি নিরাপত্তা প্রতিষ্ঠানের কর্মীদেরও অস্ত্র বহনের কোনো সুযোগ নেই। এ কারণে পুলিশের পক্ষ থেকে বিদেশিদের নিরাপত্তারক্ষীদের প্রকাশ্যে অস্ত্র বহনের প্রস্তাবের ব্যাপারে আপত্তি জানানো হয়।
পুলিশ সদর দপ্তরের একজন কর্মকর্তা প্রথম আলোকে বলেন, বিভিন্ন দেশ নিরাপত্তা নিয়ে কথা বললেও শুধু যুক্তরাষ্ট্র দূতাবাসের মতামতের ব্যাপারেই পুলিশের মতামত চাওয়া হয়।
বাংলাদেশের কূটনীতিকদের সঙ্গে এ নিয়ে কথা বললে তাঁরা বিদেশি দূতাবাসের নিরাপত্তারক্ষীদের প্রকাশ্যে অস্ত্র বহনের অনুমতি দেওয়ার বিরোধিতা করেন। তাঁরা বলেন, কূটনৈতিক সম্পর্কের ভিয়েনা সনদ-৬১-এ কূটনীতিকদের আইনি অব্যাহতির বিধান রয়েছে। সনদটির ২৯ ও ৩১ ধারা অনুযায়ী কোনো কূটনীতিককে গ্রেপ্তার ও জেরা করা যাবে না। এ ছাড়া কূটনীতিকদের সব ধরনের ফৌজদারি আইনি প্রক্রিয়া থেকে অব্যাহতি দেওয়া হয়েছে। প্রকাশ্যে অস্ত্র বহনের অনুমতি দিলে তা যে মারাত্মক অপব্যবহারের ঝুঁকি থাকে, পাকিস্তানসহ কয়েকটি দেশে এর বাজে নজির আছে।
জানতে চাইলে গবেষণা প্রতিষ্ঠান বাংলাদেশ ইনস্টিটিউট অব পিস অ্যান্ড স্ট্র্যাটেজিক স্টাডিজের (বিআইপিএসএস) প্রেসিডেন্ট মেজর জেনারেল (অব.) এম মুনীরুজ্জামান গতকাল সন্ধ্যায় প্রথম আলোকে বলেন, অধিকাংশ স্বাগতিক দেশই তাদের দেশে অবস্থিত বিদেশি মিশনের নিরাপত্তারক্ষীদের প্রকাশ্যে অস্ত্র বহনের অনুমতি দেয় না। ভিয়েনা সনদ অনুযায়ী স্বাগতিক দেশকে নিরাপত্তার দায়িত্ব নিতে হবে। কাজেই বিদেশি মিশনগুলোর নিরাপত্তা জোরদারের ব্যাপারে বাংলাদেশের বাধ্যবাধকতা রয়েছে।