বিদেশি শিক্ষার্থী ধর্ষণের মামলায় অভিযোগপত্র

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

চট্টগ্রামের একটি বেসরকারি বিশ্ববিদ্যালয়ের বিদেশি শিক্ষার্থীকে ধর্ষণের মামলায় দোকান কর্মচারীকে আসামি করে অভিযোগপত্র দিয়েছে পুলিশ। আসামির নাম আরিফুর রহমান (২৫)।

আজ বুধবার মামলার তদন্ত কর্মকর্তা খুলশী থানার উপপরিদর্শক (এসআই) রূপক কান্তি চৌধুরী চট্টগ্রাম আদালতে এ অভিযোগপত্র দেন।

পুলিশ জানায়, বিশ্ববিদ্যালয়ের কাছে খুলশী এলাকার একটি সুপার স্টোরে কেনাকাটা করতে গিয়ে আসামির সঙ্গে শ্রীলঙ্কার ওই ছাত্রীর সঙ্গে পরিচয় হয়। দোকান কর্মচারী ছাত্রীটিকে গত ১৯ জুন রাতে কৌশলে একটি হোটেলে নিয়ে ধর্ষণ করেন। পরের দিন ছাত্রীটি বাদী হয়ে নগরের খুলশী থানায় মামলা করেন। মামলায় দোকান কর্মচারীকে আসামি করা হয়। ওই দিনই পুলিশ আসামি আরিফকে গ্রেপ্তার করে। তিনি বর্তমানে কারাগারে আছেন।

আদালতে জমা দেওয়া তিন পৃষ্ঠার অভিযোগপত্রে তদন্ত কর্মকর্তা খুলশী থানার এসআই রূপক কান্তি চৌধুরী উল্লেখ করেন, তদন্তে বিদেশি শিক্ষার্থীকে দোকান কর্মচারীর ধর্ষণের সত্যতা পাওয়া গেছে। এতে ১৪ জনকে সাক্ষী রাখা হয়েছে।

চট্টগ্রাম নগর পুলিশের সহকারী কমিশনার (প্রসিকিউশন) কাজী শাহাবুদ্দিন আহমেদ প্রথম আলোকে বলেন, বিদেশি শিক্ষার্থী ধর্ষণের মামলায় একজনকে আসামি করে পুলিশ আদালতে অভিযোগপত্র দিয়েছে। এটির গ্রহণের শুনানির জন্য এখনো তারিখ পড়েনি।