বিদেশি শিক্ষার্থী নেই ৯৬ শতাংশ আসন খালি

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

চট্টগ্রাম প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে (চুয়েট) স্নাতক কোর্সে এবারও কোনো বিদেশি শিক্ষার্থী ভর্তি হননি। এ নিয়ে টানা চার বছর এ বিশ্ববিদ্যালয়ে বিদেশি শিক্ষার্থীর আসনগুলো শূন্য রয়েছে। ফলে তাঁদের জন্য সংরক্ষিত ৮০টি আসনের ৭৭টিই আসন খালি পড়ে আছে। এ বিশ্ববিদ্যালয়ে আছেন সাকল্যে তিনজন বিদেশি ছাত্র।প্রশাসন সূত্রে জানা যায়, বিশ্ববিদ্যালয়ের স্নাতক কোর্সে সর্বশেষ বিদেশি শিক্ষার্থী ভর্তি হন ২০০৭-০৮ শিক্ষাবর্ষে। ওই শিক্ষাবর্ষে বিশ্ববিদ্যালয়ের তড়িৎ কৌশল বিভাগে তিনজন শিক্ষার্থী ভর্তি হন। তাঁরা এখন শেষ বর্ষে পড়াশোনা করছেন। বিশ্ববিদ্যালয় সূত্রে জানা যায়, চুয়েটে বিদেশি শিক্ষার্থীদের জন্য প্রতি শিক্ষাবর্ষে চারটি বিভাগের প্রতিটিতে চারজন করে ১৬টি সংরক্ষিত আসন রয়েছে। বিভাগ চারটি হলো, তড়িৎ কৌশল, যন্ত্রকৌশল, পুরকৌশল ও কম্পিউটার কৌশল বিভাগ। কোটা থাকায় প্রতি শিক্ষাবর্ষেই কিছু বিদেশি শিক্ষার্থী চুয়েটে ভর্তি হতেন। তাঁদের বেশির ভাগই ভারতীয় ও নেপালি। কিন্তু সেমিস্টার ফি বেড়ে যাওয়ায় গত চার বছরে কোনো বিদেশি শিক্ষার্থী ভর্তি হননি। তবে চলতি শিক্ষাবর্ষে দুজন শিক্ষার্থী ভর্তি হওয়ার জন্য আবেদন করেছিলেন। কিন্তু সেমিস্টার ফি বেশি হওয়ায় তাঁরা আগ্রহ হারিয়ে ফেলেন। এ প্রসঙ্গে চুয়েটের উপাচার্য মো. জাহাঙ্গীর আলম প্রথম আলোকে বলেন, শিক্ষা মন্ত্রণালয়ের নির্দেশনা অনুসারেই সেমিস্টার ফি বাড়ানো হয়েছে। এ ছাড়া শুধু বাংলাদেশে নয়, বিশ্বের বেশির ভাগ দেশেই বিদেশি শিক্ষার্থীদের সেমিস্টার ফি বাড়ানো হয়েছে। বিশ্ববিদ্যালয় সূত্রে আরও জানা যায়, আগে বিদেশি শিক্ষার্থীরা বাংলাদেশি শিক্ষার্থীদের সমপরিমাণ ফি দিয়ে চুয়েটে পড়তে পারতেন। কিন্তু ২০০৮-০৯ শিক্ষাবর্ষ থেকে সার্কভুক্ত দেশের শিক্ষার্থীদের জন্য প্রতি সেমিস্টার ফি ৫০০ মার্কিন ডলার (প্রায় ৩৫ হাজার টাকা) এবং অন্যান্য দেশের শিক্ষার্থীদের জন্য এক হাজার মার্কিন ডলার (প্রায় ৭০ হাজার টাকা) করা হয়েছে। এরপর থেকে চুয়েটে বিদেশি শিক্ষার্থী ভর্তি বন্ধ হয়ে গেছে।চুয়েটের নেপালি শিক্ষার্থীরা জানিয়েছেন, সেমিস্টার ফি বেড়ে যাওয়ায় নেপালসহ অন্যান্য দেশ থেকে শিক্ষার্থী আসার পথ বন্ধ হয়ে যাচ্ছে। সে জন্যই ২০০৮-০৯ শিক্ষাবর্ষ থেকে হঠাৎ করে বিদেশি শিক্ষার্থী ভর্তি বন্ধ হয়ে গেছে। ফলে বিদেশি শিক্ষার্থীদের জন্য সংরক্ষিত ৯৬ শতাংশ আসনই খালি পড়ে আছে।এ প্রসঙ্গে চুয়েটের রেজিস্ট্রার প্রকৌশলী মো. সফিকুল ইসলাম প্রথম আলোকে বলেন, ‘কোন বিশ্ববিদ্যালয়ে কতজন বিদেশি শিক্ষার্থী ভর্তি করা হবে, তার বণ্টন শিক্ষা মন্ত্রণালয় থেকে করা হয়। তবে ফি বৃদ্ধি বিদেশি শিক্ষার্থী কমে যাওয়ার কারণ বলে আমি মনে করছি না।’আবেদন করলে সেমিস্টার ফি কমানো হবে কি না, জানতে চাইলে সফিকুল ইসলাম বলেন, ‘এখন পর্যন্ত আবেদনকারী বিদেশি শিক্ষার্থীরা সেমিস্টার ফি কমানোর জন্য আবেদনও করেননি। তাহলে আমরা কী ব্যবস্থা নিতে পারি?’১৯৮৩ সাল থেকে চুয়েটে বিদেশি শিক্ষার্থী ভর্তি শুরু হয়। এরপর থেকে এখন পর্যন্ত ৫২ জন বিদেশি শিক্ষার্থী চুয়েটে ভর্তি হয়েছেন।