বিদেশি শিক্ষার্থী ভর্তি নেই, এক যুগ ধরে ৭৮ আসন শূন্য

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে স্নাতক প্রথম বর্ষে এবারও কোনো বিদেশি শিক্ষার্থী ভর্তির জন্য আবেদন করেননি। এ নিয়ে টানা ১২ বছর ধরে স্নাতক কোর্সে এই বিশ্ববিদ্যালয়ে কোনো বিদেশি শিক্ষার্থী ভর্তি হননি। ফলে তাঁদের জন্য প্রতি শিক্ষাবর্ষে সংরক্ষিত ৭৮টি আসন খালি পড়ে থাকছে। প্রশাসন সূত্রে জানা যায়, বিশ্ববিদ্যালয়ে স্নাতক কোর্সে সর্বশেষ বিদেশি শিক্ষার্থী ভর্তি হন ১৯৯৮-৯৯ শিক্ষাবর্ষে। ওই শিক্ষাবর্ষে বিশ্ববিদ্যালয়ের বনবিদ্যা ও পরিবেশবিজ্ঞান ইনস্টিটিউটে নেপালি ছাত্র রবিশঙ্কর ভর্তি হয়েছিলেন। তিনি ২০০৪ সালে পাস করে দেশে ফিরে যান। এর পর থেকে বিদেশি শিক্ষার্থীশূন্য চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়।বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক আনোয়ারুল আজিম আরিফ প্রথম আলোকে বলেন, সংরক্ষিত আসন হওয়ায় এখানে বিদেশি শিক্ষার্থী ব্যতীত অন্য কাউকে ভর্তি করানোর সুযোগ নেই। এ প্রসঙ্গে বনবিদ্যা ও পরিবেশবিজ্ঞান ইনস্টিটিউটের সাবেক পরিচালক অধ্যাপক মোহাম্মদ আল-আমীন বলেন, ‘বিদেশি শিক্ষার্থী ভর্তি করাতে কর্তৃপক্ষকে কার্যকর উদ্যাগ গ্রহণ করতে হবে। এ জন্য বিভিন্ন দেশে অবস্থিত বাংলাদেশের দূতাবাসগুলোকে ভর্তিসংক্রান্ত প্রয়োজনীয় সব তথ্য প্রদান করা উচিত।’