বিদেশি সংস্কৃতিকে লালন করতে ভাষা আন্দোলন করিনি

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

নিয়মিত বাংলা ভাষা চর্চার আহ্বান জানিয়ে ভাষাসৈনিক আবদুল মতিন বলেছেন, ‘বিদেশি সংস্কৃতিকে লালন করার জন্য আমরা ভাষা আন্দোলন করিনি।’ টাঙ্গাইলের সন্তোষে মওলানা ভাসানী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে নির্মিত কাগমারী সম্মেলনের স্মারকস্তম্ভের পাদদেশে এক আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে আবদুল মতিন এসব কথা বলেন। ঐতিহাসিক কাগমারী সম্মেলনের ৫০ বছর পূর্তি উদ্যাপন উপলক্ষে গতকাল রোববার বিকেলে এ সভার আয়োজন করা হয়। আবদুল মতিন বলেন, ‘কাগমারী সম্মেলনের মধ্য দিয়ে মওলানা ভাসানী জাতিকে স্বাধিকার থেকে স্বাধীনতার আন্দোলন উত্তরণের পথ নির্দেশ করেছিলেন। একই সঙ্গে মওলানা ভাসানী যে সংগ্রামের আহ্বান জানিয়েছিলেন, তা সর্বাবস্থায় সাম্রাজ্যবাদ, পুঁজিবাদ ও সামন্ত শোষণবিরোধী চেতনায় উদ্বুদ্ধ ও সমৃদ্ধ। কিন্তু আমাদের সে সংগ্রাম সফল হয়নি। আজও তাই আমরা সাম্রাজ্যবাদের স্বার্থের যূপকাষ্ঠে জাতিকে নিত্যই বলি দিয়ে যাচ্ছি। বাঁচতে হলে, শির উঁচু করে দাঁড়াতে হলে আমাদের মওলানা ভাসানীর সংগ্রামী পথেই ফিরে আসতে হবে।’সৈয়দ ইরফানুল বারীর সভাপতিত্বে আলোচনা সভায় স্বাগত বক্তব্য দেন মওলানা ভাসানীর দৌহিত্র মাহমুদুল হক, রাজনীতিক হামিদুল হক, ইঞ্জিনিয়ার এনামুল হক, সাংবাদিক আবু নোমান খান, খন্দকার নাজিম উদ্দিন ও আব্দুস ছবুর খান।