বিদেশি সংস্থা প্রতিযোগী দেশের বেলায় কিছু বলে না: বাণিজ্যমন্ত্রী

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

বাণিজ্যমন্ত্রী তোফায়েল আহমেদ বলেছেন, বিদেশি সংস্থা ও ক্রেতারা বাংলাদেশের শ্রমিক নিরাপত্তা নিয়ে কথা বললেও প্রতিযোগী অন্যান্য দেশের বেলায় কিছু বলে না। ভিয়েতনাম, চীন, ভারতও পণ্য রপ্তানি করে। অথচ তাদের বিষয়ে কোনো শব্দ উচ্চারণ করে না।
জাতীয় পেশাগত স্বাস্থ্য ও সেফটি দিবস উপলক্ষে গতকাল শুক্রবার আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তৃতায় বাণিজ্যমন্ত্রী এসব কথা বলেন। রাজধানীর খামারবাড়ির কৃষিবিদ ইনস্টিটিউশন মিলনায়তনে অনুষ্ঠানটির আয়োজন করে কলকারখানা ও প্রতিষ্ঠান পরিদর্শন অধিদপ্তর। ২০১৬ সাল থেকে জাতীয়ভাবে এই দিবস পালন করা হচ্ছে। এবার দিবসটির প্রতিপাদ্য ‘শোভন কর্মপরিবেশ, এগিয়ে যাচ্ছে বাংলাদেশ’।
বাণিজ্যমন্ত্রী বলেন, রানা প্লাজা ধসের ঘটনার পর শ্রমিকদের অধিকার এবং কারখানার নিরাপত্তা ও কর্মপরিবেশ নিয়ে বিদেশি ক্রেতারা ধারাবাহিকভাবে চাপ সৃষ্টি করেছে। কিন্তু শ্রমিকদের সুবিধার কথা চিন্তা করে পণ্যের দাম বাড়ায়নি। ক্রেতারা পণ্যের দাম বাড়ালে কারখানা মালিকদের বেতন বাড়াতে চাপ দেওয়া যেত। তিনি বলেন, সংবিধানের ১৪ অনুচ্ছেদে শ্রমিকদের সুরক্ষার কথা বলা হয়েছে। ২০০৯ সালে শ্রমিকদের সর্বনিম্ন মজুরি ছিল ১ হাজার ৬০০ টাকা। সেটি এখন ৫ হাজার ৩০০ টাকা। প্রতিবছর এই মজুরি ৫ শতাংশ হারে বাড়ানোর আলোচনা চলছে।
অনুষ্ঠানে বিশেষ অতিথি শ্রম ও কর্মসংস্থান প্রতিমন্ত্রী মো. মুজিবুল হক বলেন, পোশাক খাতের বাইরে বিভিন্ন ঝুঁকিপূর্ণ খাতে শ্রমিকদের নিরাপদ কর্মপরিবেশ নিশ্চিত করতে সরকার একটি প্রকল্প চালু করছে। তিনি বলেন, দেশে এখন ৮৩ লাখ ইকোনমিক ইউনিট আছে। একসঙ্গে এগুলোর নিরাপত্তা নিশ্চিত করা সম্ভব নয়। গার্মেন্টস খাতকে অগ্রাধিকার দেওয়া হয়েছে। এখন প্রকল্প করে ঝুঁকিপূর্ণ খাতগুলোতে কাজ করা হবে। তিনি বলেন, দ্রুততম সময়ে শ্রমিকদের ক্ষতিপূরণ পাওয়া নিশ্চিত করতে প্রয়োজনে প্রচলিত শ্রম আইন সংশোধন করা হবে। মুজিবুল হক বলেন, শ্রম আদালতে শ্রমিকেরা সহজে বিচার পান না। এক লাখ টাকা ক্ষতিপূরণ পেতে কয়েক বছর সময় লেগে যায়। সংক্ষিপ্ত সময়ে যাতে শ্রমিকেরা ক্ষতিপূরণ পান, সেই ব্যবস্থা করতে হবে।
তৈরি পোশাকশিল্প মালিকদের সংগঠন বিজিএমইএর সভাপতি সিদ্দিকুর রহমান বলেন, কোনো মালিক চান না শ্রমিক আহত বা নিহত হোক। গত তিন বছরে গার্মেন্টস খাতে বড় কোনো দুর্ঘটনা ঘটেনি। যেসব কারখানায় শ্রমিকদের জীবন ঝুঁকিপূর্ণ থাকবে, তাদের ব্যবসা করতে দেওয়া হবে না।
গত চার বছরে তৈরি পোশাক খাতে বাংলাদেশ অনেক উন্নতি করেছে বলে মন্তব্য করেন বাংলাদেশে নিযুক্ত কানাডার হাইকমিশনার পিয়েরে বেনোয়া লারামি। তিনি বলেন, শুধু পরিদর্শক যখন আসে, তখন কারখানা নিরাপদ দেখালে হবে না, প্রতিটি কারখানায় শ্রমিকদের নিরাপত্তা দিতে হবে।
শ্রমসচিব মিকাইল শিপারের সভাপতিত্বে অনুষ্ঠানে আন্তর্জাতিক শ্রম সংস্থার কান্ট্রি ডিরেক্টর শ্রীনিবাস রেড্ডি, কলকারখানা ও প্রতিষ্ঠান পরিদর্শন অধিদপ্তরের মহাপরিচালক মো. সামছুজ্জামান ভূঁইয়া, শ্রমিক লীগের সভাপতি শুকুর মাহমুদ প্রমুখ বক্তব্য দেন।