বিদেশি সবজি চাষে সাইফুলের সাফল্য

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
পঞ্চগড়ের তেঁতুলিয়া উপজেলার মাগুড়া গ্রামে নিজের খেতে সবজি পরিচর্যা করছেন সাইফুল ইসলাম। সম্প্রতি তোলা ছবি l প্রথম আলো
পঞ্চগড়ের তেঁতুলিয়া উপজেলার মাগুড়া গ্রামে নিজের খেতে সবজি পরিচর্যা করছেন সাইফুল ইসলাম। সম্প্রতি তোলা ছবি l প্রথম আলো

পঞ্চগড়ের তেঁতুলিয়া উপজেলার মাগুড়া গ্রাম। এ গ্রামের যুবক সাইফুল ইসলাম জমি বন্ধক নিয়ে সবজি চাষ করেছেন। তবে তাঁর খেত অন্যদের চেয়ে আলাদা। একবার তাকালেই নজর আটকে যায়। বিদেশি জাতের সবজি চাষ করে তিনি ব্যাপক সাফল্য পেয়েছেন।
ভূমিহীন কৃষক সাইফুল ইসলাম সাত বছর ধরে বিদেশি জাতের সবজি চাষ করছেন। এই সবজি চলে যাচ্ছে ঢাকার বিভিন্ন হোটেল, রেস্তোরাঁ ও সুপারশপে। খরচ বাদে প্রতিবছর গড়ে তাঁর আয় দেড় থেকে দুই লাখ টাকা।
সম্প্রতি সরেজমিনে দেখা যায়, মাগুড়া গ্রামে সাইফুল ইসলাম (৩৩) স্থানীয় এক ব্যক্তির ৫ বিঘা জমি বন্ধক নিয়েছেন। এই জমিতে রয়েছে আমবাগান। আমবাগানের মধ্যে তিনি বিদেশি সবজি চাষ করছেন। কিছুটা দূরে আরও ৩ বিঘা জমিতে তাঁর বিদেশি সবজির আরেকটি খেত রয়েছে। মোট ৮ বিঘা জমি তিনি বন্ধক নিয়ে ২৫ জাতের বিদেশি সবজি আবাদ করেছেন। এসব সবজির মধ্যে লেটুস পাতা, চায়নিজ পাতা, ক্যাপসিকাম, বিট রুট, ব্রকলি, রেড ক্যাবেজ, স্কোয়াশ, ফ্রেঞ্চ বিন ও স্যালারি পাতা উল্লেখযোগ্য। এসব সবজির বীজ তিনি সংগ্রহ করেন ঢাকা থেকে।
আট-নয় বছর আগে সাভারে বিদেশি সবজির চাষ হয় এমন একটি খামারে সাইফুল ইসলাম কাজ করেছিলেন। সেখানেই তিনি এই সবজির চাষপদ্ধতি শেখেন। পরে বাড়ি ফিরে নিজেই সবজির আবাদ শুরু করেন। তিনি বলেন, ‘স্থানীয়ভাবে বিদেশি সবজির বাজার না থাকায় প্রথম দুই বছর সমস্যায় পড়েছিলাম। তবে পাঁচ বছর ধরে ঢাকাসহ দেশের বিভিন্ন প্রান্তের সবজি ব্যবসায়ীরা অগ্রিম টাকা দিয়ে সবজি কিনে নিয়ে যাচ্ছেন। এখানকার বেলে-দোআঁশ মাটি এবং আবহাওয়া বিদেশি সবজি চাষের উপযোগী। খুব কম সময়ে এখানে তরতাজা সবজি উৎপাদন করা যায়। রাসায়নিক সার ও কীটনাশক ব্যবহার না করলেও চলে। ৮ বিঘার এই সবজিখেতে দৈনিক ১০-১২ জন শ্রমিক নিয়মিত কাজ করেন।’
সাইফুল ইসলাম আরও বলেন, ৮ বিঘা জমিতে সবজি চাষে তাঁর খরচ হয় ৪০-৪৫ হাজার টাকা। সব খরচ বাদ দিয়ে আয় করেন দেড় থেকে দুই লাখ টাকা। আগে কুঁড়েঘর ছিল। এখন পাকা বাড়ি হয়েছে। আগামী বছর তিনি আরও ৫ বিঘা জমিতে বিদেশি সবজির আবাদ করবেন। প্রশিক্ষণ না থাকায় অন্য কৃষকেরা এ সবজি চাষে আগ্রহী হচ্ছেন না।
তেঁতুলিয়া উপজেলা কৃষি কর্মকর্তা জাহাঙ্গীর আলম বলেন, এখানকার জমি বিদেশি সবজি আবাদের জন্য উপযোগী। সাইফুল ইসলাম বেশ কয়েক বছর ধরে বিভিন্ন জাতের সবজি উৎপাদন করছেন। কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের পক্ষ থেকে তাঁকে সহযোগিতা করা হচ্ছে।