বিদেশি সাহায্যপুষ্ট অর্ধশত এনজিওর নিবন্ধন বাতিল

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

বৈদেশিক সাহায্যপুষ্ট আরও অর্ধশত বেসরকারি সংস্থার (এনজিও) নিবন্ধন বাতিল করেছে প্রধানমন্ত্রীর কার্যালয়ের অধীন এনজিওবিষয়ক ব্যুরো। এর মধ্যে গত ৩ নভেম্বর এক দিনেই বাতিল করা হয় ৩৩টির নিবন্ধন। এ নিয়ে গত আট মাসে ৪৯৬টি এনজিওর নিবন্ধন বাতিল করা হলো। এনজিও ব্যুরোর সর্বশেষ হিসাব অনুযায়ী এই তথ্য পাওয়া গেছে। ব্যুরোর ওয়েবসাইটে ইতিমধ্যে বাতিল হওয়া এনজিওগুলোর তালিকা দেওয়া হয়েছে। এনজিওবিষয়ক ব্যুরোর উপপরিচালক জাফর উল্লাহ খান প্রথম আলোকে জানান, নানান অভিযোগ এবং দীর্ঘদিনেও সনদ নবায়ন না করার কারণেই মূলত এসব এনজিওর নিবন্ধন বাতিল করা হয়েছে। এটি একটি ধারাবাহিক প্রক্রিয়া। এনজিও খাতের স্বচ্ছতার জন্যই এনজিওগুলোর নিবন্ধন বাতিল করা হয়েছে বলে জানান তিনি। বাতিল এনজিওগুলোর তালিকা: সর্বশেষ বাতিল এনজিওগুলোর মধ্যে রয়েছে এইড ফর সোশ্যাল সার্ভিসেস ইন বাংলাদেশ (এসিএসআর), কমিউনিটি অ্যাকশন ফর রুরাল ডেভেলপমেন্ট (সিএআরডি), অ্যাডভান্সমেন্ট ফর সোশ্যাল ওয়েলফেয়ার অর্গানাইজেশন, আল-আমিন ইয়াতিমখানা, আদর্শ সেবা সংঘ, এইড বাংলা, সেন্টার ফর এনভায়রনমেন্ট অ্যান্ড ডেভেলপমেন্ট (সিইডি), ওয়েলফেয়ার অ্যাসোসিয়েশন ফর রুটলেস (ডব্লিউএআর), লিগ্যাল অ্যাওয়ার্নাস ফোরাম (এলএএফ), প্রতিশ্রুতি, প্রবাহ, পল্লী সমাজ উন্নয়ন সংস্থা, উই আর ফর অল, উত্তরণ সংস্থা ইত্যাদি। ব্যুরোর একাধিক কর্মকর্তা জানান, বছরের পর বছর ধরে এনজিওগুলোর সামগ্রিক কার্যক্রম তদারক করা হচ্ছিল না। এ কারণেই ব্যুরো প্রতিষ্ঠার পর গত ১৯ বছরে মাত্র ৫৬টি এনজিওর নিবন্ধন বাতিল করা হয়েছিল। কিন্তু এক বছর ধরে সার্বিকভাবে এনজিওগুলোর তদারকির চেষ্টা চলছে। এরই অংশ হিসেবে এ বছরের এপ্রিল মাস থেকে ৩ নভেম্বর পর্যন্ত ৪৯৬টি এনজিওর নিবন্ধন বাতিল করা হয়।ব্যুরোর সহকারী পরিচালক (নিবন্ধন) খুরশিদ আলম জানান, বিদেশি সাহায্যপুষ্ট এনজিওগুলো দ্য ফরেন ডোনেশনস (ভলান্টারি অ্যাক্টিভিটিজ) রেগুলেশন রুলস-১৯৭৮ এবং প্রধানমন্ত্রীর কার্যালয়ের ২০০১ সালের ২৯ মে জারি করা পরিপত্র অনুযায়ী চলে। ওই আইনে বলা আছে, নিবন্ধনের তারিখ থেকে পাঁচ বছর পর প্রতিটি বেসরকারি সংস্থাকে নিবন্ধন নবায়নের আবেদন করতে হবে। ওই আবেদনের সঙ্গে এনজিওটির পাঁচ বছরের কার্যক্রম, বার্ষিক প্রতিবেদন ও নিরীক্ষা প্রতিবেদন জমা দিতে হবে। যারা দীর্ঘদিনেও নবায়নের আবেদন করেনি সেই এনজিওগুলোর নিবন্ধন বাতিল করা হয়েছে। তবে ফেডারেশন অব এনজিওস ইন বাংলাদেশের (এফএনবি) পরিচালক তাজুল ইসলাম প্রথম আলোকে বলেন, নবায়ন-প্রক্রিয়া নিয়ে এনজিও ব্যুরোর বিরুদ্ধে অনেক অস্বচ্ছতা ও দুর্নীতির অভিযোগ আছে। ব্যুরোর কিছু কর্মচারী ঘুষ ছাড়া নবায়নের কাজ করতে চান না। তাই অনেক এনজিও চাইলেও নিবন্ধন নবায়ন করতে পারছে না।