বিদেশি সাহায্যের প্রতিশ্রুতি ৬ হাজার মিলিয়ন ডলার

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

অর্থমন্ত্রী আবুল মাল আবদুল মুহিত জানিয়েছেন, আগামী ২০১৪-১৫ অর্থবছরে উন্নয়ন সহযোগী দেশ ও সংস্থার কাছ থেকে বিভিন্ন প্রকল্পে বিদেশি সাহায্য প্রাপ্তির (প্রতিশ্রুতি) লক্ষ্যমাত্রা নির্ধারণ করা হয়েছে ছয় হাজার মিলিয়ন মার্কিন ডলার।

আজ মঙ্গলবার স্পিকার শিরীন শারমিন চৌধুরীর সভাপতিত্বে জাতীয় সংসদের অধিবেশন শুরু হয়। সেখানে স্বতন্ত্র সাংসদ রুস্তম আলী ফরাজীর লিখিত প্রশ্নের জবাবে অর্থমন্ত্রী এ তথ্য জানান। এর আগে দিনের কার্যসূচির শুরুতে টেবিলে প্রশ্ন-উত্তর উপস্থাপিত হয়।

২০১৩-১৪ অর্থবছরের গত মে মাস পর্যন্ত বৈদেশিক সাহায্যের প্রতিশ্রুতি ছিল তিন হাজার ৪৬০ মিলিয়ন মার্কিন ডলার। এর মধ্যে দুই হাজার ৯৮১ দশমিক ৪৭ মার্কিন ডলার ঋণ এবং ৪৭৮ দশমিক ৫৩ মিলিয়ন মার্কিন ডলার অনুদান।

অর্থমন্ত্রী জানান, আগামী অর্থবছরে যেসব প্রকল্পের জন্য বিদেশি সাহায্য প্রাপ্তির লক্ষ্যমাত্রা নির্ধারণ করা হয়েছে, সেই সব প্রকল্পের বৈদেশিক সহায়তার বিষয়ে সংশ্লিষ্ট দেশ ও সংস্থার সঙ্গে আলোচনা কার্যক্রম বিভিন্ন পর্যায়ে আছে। কোনো ঋণ বা অনুদানের আর্থিক চুক্তি সইয়ের পরই তা প্রতিশ্রুতি হিসেবে গণ্য হয়।

রিজার্ভ বেড়েছে ৬ হাজার ডলার

চলতি বছরের ১৬ জুন পর্যন্ত বাংলাদেশ ব্যাংকে বৈদেশিক মুদ্রা রিজার্ভের পরিমাণ ২১ হাজার ৩৮ দশমিক ২০ মিলিয়ন মার্কিন ডলার বা এক লাখ ৬৩ হাজার ৩১৯ কোটি টাকা। গত অর্থবছরে এ সময়ে রিজার্ভের পরিমাণ ছিল ১৫ হাজার ২২৪ দশমিক ৩৪ মিলিয়ন মার্কিন ডলার। এ বছরে রিজার্ভ বেড়েছে ছয় হাজার ৮১৩ মিলিয়ন মার্কিন ডলার।

বর্তমান সরকার ক্ষমতা গ্রহণের সময় অর্থাত্ ২০১৪ সালের জানয়ারি মাসে বৈদেশিক মুদ্রার রিজার্ভের পরিমাণ ছিল ১৭ হাজার ৪৬৫ দশমিক ৪৩ মিলিয়ন মার্কিন ডলার।