বিদেশি হত্যার কারণ খুঁজতে সর্বোচ্চ গুরুত্ব দেওয়া হচ্ছে

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল বলেছেন, বিদেশি নাগরিকদের হত্যার কারণ খুঁজতে সর্বোচ্চ গুরুত্ব দেওয়া হচ্ছে। গোয়েন্দা, পুলিশ ও নিরাপত্তা বাহিনী তাদের প্রচেষ্টা অব্যাহত রেখেছে। শিগগিরই এর কারণ জানা যাবে।

গাজীপুরের কালিয়াকৈরে সফিপুর আনসার ভিডিপি একাডেমিতে গতকাল রোববার সকালে এক অনুষ্ঠানে স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান এ কথা বলেন। অনুষ্ঠানে মন্ত্রী আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনীর ৩৩তম ব্যাচের বিসিএস (আনসার) কর্মকর্তাদের মৌলিক প্রশিক্ষণ এবং মাস্টার্স ইন হিউম্যান সিকিউরিটি (এমএইচএস) প্রোগ্রাম সম্পন্নকারী কৃতী শিক্ষার্থীদের হাতে পুরস্কার তুলে দেন। ১৮ জন নবনিযুক্ত সহকারী পরিচালক ১৫ মাস মেয়াদি এই প্রশিক্ষণ গ্রহণ করেন।

স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, ‘দেশে এই মুহূর্তে কতজন বিদেশি নাগরিক অবৈধ আছে, তা বলতে পারব না। তবে আমাদের কারাগারে এক হাজারের বেশি অবৈধ নাগরিক আছে। সাজার মেয়াদ শেষ হলেও তারা বাড়ি যাচ্ছে না। তাদের দেশের দূতদের বলা হলেও তারা নিচ্ছে না। আর এই মুহূর্তে ২ লাখ ১৪ হাজার ৭০০ বিদেশি নাগরিক বাংলাদেশের বিভিন্ন স্থানে, বিভিন্ন পেশায় কর্মরত ও মেডিকেল কলেজে লেখাপড়ারত আছেন।’

আনসার বাহিনীর বিষয়ে স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, প্রধানমন্ত্রী শেখ হাসিনার দেওয়া প্রতিশ্রুতি অনুযায়ী ব্যাটালিয়ন আনসারদের স্থায়ীকরণের সময়সীমা নয় বছর থেকে ছয় বছরে নামিয়ে আনা হয়েছে। মহিলা টিআই ও মহিলা আনসারদের স্থায়ীকরণ করা হয়েছে। পেশাদারত্ব ও সক্ষমতা বাড়াতে গত অর্থবছরে ৫০ জন কর্মকর্তাকে সেনাবাহিনীর বিভিন্ন প্রশিক্ষণ কেন্দ্রে পাঠানো হয়েছে।

অনুষ্ঠানে অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনীর মহাপরিচালক মেজর জেনারেল মো. নাজিম উদ্দীন, অতিরিক্ত মহাপরিচালক ব্রিগেডিয়ার জেনারেল জসিম উদ্দীন, উপমহাপরিচালক (প্রশাসন) কর্নেল আসিফ ইকবাল, উপমহাপরিচালক (প্রশিক্ষণ) এ কে এম মিজানুর রহমান, উপমহাপরিচালক (আনসার একাডেমি) ফোরকান উদ্দিন আহমেদ, উপমহাপরিচালক (অপারেশন) দিলীপ কুমার বিশ্বাস, গাজীপুরের জ্যেষ্ঠ সহকারী পুলিশ সুপার মনোয়ার হোসেন প্রমুখ।