বিদেশি হত্যায় বিএনপি-জামায়াত: প্রধানমন্ত্রী

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

প্রধানমন্ত্রী শেখ হাসিনার বলেছেন, রাজনৈতিক আন্দোলনের নামে বিএনপি-জামায়াত ২০১৩ সাল থেকে হত্যা, জ্বালাও-পোড়াও এবং ধ্বংসযজ্ঞ চালিয়ে যাচ্ছে। তারা গুপ্তহত্যার সূচনা করেছে। দেশের মানুষ হত্যা করে সরকারকে ক্ষমতাচ্যুত করতে ব্যর্থ হয়ে এখন বিদেশি মানুষকে হত্যা করছে।
আজ শুক্রবার স্বাচিপ চতুর্থ জাতীয় সম্মেলনে প্রধান অতিথির বক্তব্য প্রধানমন্ত্রী এসব কথা বলেন। খবর বাসসের।
বর্তমান সরকার গৃহীত স্বাস্থ্যসেবা কর্মসূচির সবচেয়ে গুরুত্বপূর্ণ অংশ হিসেবে চিকিৎসকদের কথা উল্লেখ করে শেখ হাসিনা বলেন, চিকিৎসকদের দরিদ্র জনগোষ্ঠীর জন্য চিকিৎসা সেবা নিশ্চিত করতে অবশ্যই মনোযোগী হতে হবে। সরকার জনগণের দোড়গোড়ায় স্বাস্থ্যসেবা পৌঁছে দিতে ব্যাপক কর্মসূচি গ্রহণ করেছে। এই কর্মসূচি সফল করতে চিকিৎসকদের ভূমিকা খুব গুরুত্বপূর্ণ। তিনি বলেন, চিকিৎসকদের তৃণমূলের জনগণের, বিশেষ করে অতি দরিদ্র লোকদের স্বাস্থ্যসেবা অবশ্যই নিশ্চিত করতে হবে। প্রধানমন্ত্রী চিকিৎসা ফোরামকে শক্তিশালী সংগঠন হিসেবে গড়ে তুলতে স্বাচিপ নেতৃবৃন্দকে ধন্যবাদ জানান।
দেশে রাজনৈতিক পরিস্থিতি সম্পর্কে শেখ হাসিনা বলেন, প্রাকৃতিক দুর্যোগ মোকাবিলার অভিজ্ঞতা রয়েছে বাংলাদেশের। এর পাশাপাশি এখন মানবসৃষ্ট দুর্যোগ মোকাবিলা করতে হচ্ছে। যারা দেশের স্বাধীনতা চায়নি এবং যারা ক্ষমতায় থাকাকালে জনগণের উন্নয়নে কিছুই করেনি, তারা এখন ধ্বংসাত্মক কর্মকাণ্ড চালাচ্ছে ও দেশের ভাবমূর্তি বিনষ্টের প্রচেষ্টায় লিপ্ত রয়েছে। তিনি বলেন, রাজনৈতিক আন্দোলনের নামে বিএনপি-জামায়াত ২০১৩ সাল থেকে হত্যা, জ্বালাও-পোড়াও এবং ধ্বংসযজ্ঞ চালিয়ে যাচ্ছে। তারা গুপ্তহত্যার সূচনা করেছে এবং দেশের মানুষ হত্যা করে সরকারকে ক্ষমতাচ্যুত করতে ব্যর্থ হয়ে এখন বিদেশি হত্যা করছে।
শেখ হাসিনা বলেন, বিএনপি ও জামায়াত দেশের ভাবমূর্তি ম্লান করতে এমন একসময়ে ধ্বংসাত্মক কর্মকাণ্ড চালিয়ে যাচ্ছে, যখন বাংলাদেশ বিশ্ব সম্প্রদায়ের কাছে উন্নয়নের রোল মডেল হিসেবে প্রশংসিত হচ্ছে এবং দেশ অর্থনৈতিকভাবে দৃঢ় ভিত্তির ওপর এগিয়ে যাচ্ছে।
স্বাস্থ্যমন্ত্রী মোহাম্মদ নাসিম, আওয়ামী লীগ প্রেসিডিয়াম সদস্য শেখ ফজলুল করিম সেলিম, আওয়ামী লীগ সাধারণ সম্পাদক জনপ্রশাসনমন্ত্রী সৈয়দ আশরাফুল ইসলাম, প্রধানমন্ত্রীর সাবেক উপদেষ্টা মোদাচ্ছের আলী, স্বাস্থ্য প্রতিমন্ত্রী জাহিদ মালেক অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন।
স্বাচিপ সভাপতি রুহুল হক অনুষ্ঠানে সভাপতিত্ব করেন। এম ইকবাল আর্সলান মহাসচিবের প্রতিবেদন পেশ করেন। পায়রা ও বেলুন উড়িয়ে প্রধানমন্ত্রী শেখ হাসিনা সম্মেলন উদ্বোধন করেন।
অনুষ্ঠানে বক্তব্য দেন স্বাচিপ প্রতিষ্ঠাতা মহাসচিব মোস্তাফা জালাল মহিউদ্দিন, আওয়ামী লীগের স্বাস্থ্যবিষয়ক সম্পাদক বদিউজ্জামান ভূঁইয়া, সম্মেলন প্রস্তুতি কমিটির সহসভাপতি এম মনিরুজ্জামান ভূঁইয়া ও কনক কান্ত¯বড়ুয়া প্রমুখ।