ওয়াশিংটন টাইমস পত্রিকায় নিবন্ধ লিখে খালেদা জিয়া বাংলাদেশের রাজনীতিতে বিদেশি হস্তক্ষেপের আহ্বান জানিয়েছেন বলে অভিযোগ করেছে আওয়ামী লীগ। দলটি মনে করে, এটা রাষ্ট্রদ্রোহের শামিল।গতকাল বৃহস্পতিবার বিকেলে আওয়ামী লীগের ধানমন্ডির কার্যালয়ে আয়োজিত সংবাদ সম্মেলনে দলের প্রচার সম্পাদক এবং পরিবেশ ও বনমন্ত্রী হাছান মাহমুদ এই অভিযোগ করেন। গত বুধবার মার্কিন যুক্তরাষ্ট্রের পত্রিকাওয়াশিংটন টাইমস-এ লেখা এক নিবন্ধে খালেদা জিয়া বাংলাদেশের গণতন্ত্র রক্ষায় মার্কিন যুক্তরাষ্ট্রকে ভূমিকা রাখার আহ্বান জানান। নিবন্ধটিতে তত্ত্বাবধায়ক সরকারব্যবস্থা, নোবেলজয়ী ড. মুহাম্মদ ইউনূসসহ নানা বিষয়ে নিজের মত তুলে ধরেন তিনি। এর জবাব দিতে আওয়ামী লীগের পক্ষ থেকে গতকাল এ সংবাদ সম্মেলনের আয়োজন করা হয়।লিখিত বক্তব্যে হাছান মাহমুদ বলেন, খালেদা জিয়া তাঁর লেখায় বাংলাদেশের পোশাকশিল্প খাতসহ সার্বিক অর্থনীতির ওপর চাপ প্রয়োগ এবং রাজনীতিতে হস্তক্ষেপের যে আহ্বান জানিয়েছেন, তা দেশদ্রোহের শামিল। তিনি ক্ষমতায় আসার লোভে দেশি-বিদেশি হস্তক্ষেপের আহ্বান জানিয়েছেন এবং দেশকে বিদেশিদের হাতে তুলে দিতে চান। সংবাদ সম্মেলনে বলা হয়, ‘খালেদা জিয়া ওই নিবন্ধে শুধু প্রতিহিংসার বশবর্তী হয়ে নিজের দেশকে খাটো করতে দ্বিধা করেননি। তিনি তাঁর লেখায় যুক্তরাষ্ট্রসহ বিশ্বের শক্তিধর দেশগুলোকে বাংলাদেশে হস্তক্ষেপের আহ্বান জানিয়েছেন। একটি স্বাধীন ও সার্বভৌম দেশের সাবেক প্রধানমন্ত্রী এবং বর্তমান বিরোধীদলীয় নেতা কতটা অবিবেচক হলে এ ধরনের আহ্বান জানাতে পারেন তা সহজেই অনুমেয়।’পরিবেশ ও বনমন্ত্রী বলেন, খালেদা জিয়ার লেখার মাধ্যমে তাঁর রাজনৈতিক দেউলিয়াত্ব ও প্রতিহিংসা প্রকাশিত হয়েছে। স্বাধীন-সার্বভৌম দেশের মানুষের ওপর, এমনকি নিজ দলের নেতা-কর্মীদের ওপরও তাঁর আস্থা নেই। তিনি দাবি করেন, আগামীর ইতিহাস খালেদা জিয়াকে পলাশী যুদ্ধের আরেক ঘসেটি বেগম হিসেবে মূল্যায়ন করবে। যুদ্ধাপরাধীদের রক্ষার যে মিশন নিয়ে তিনি দেশে-বিদেশে অপতৎপরতা চালাচ্ছেন, তা নতুন প্রজন্মের কাছে ক্ষমাহীন অপরাধ হিসেবে বিবেচিত হবে। খালেদা জিয়ার নিবন্ধে দেশের অর্থনীতির ভুল চিত্র তুলে ধরা হয়েছে বলে অভিযোগ করে আওয়ামী লীগের প্রচার সম্পাদক বলেন, এর মাধ্যমে শুধু সরকার নয়। দেশের কৃষক, শ্রমিক, পোশাকশিল্পের কর্মী, বিশেষ করে প্রবাসীদের অসাধারণ অবদান অস্বীকার করেছেন বিএনপির চেয়ারপারসন। এ নিবন্ধ লেখার জন্য খালেদা জিয়ার বিরুদ্ধে কোনো ব্যবস্থা নেওয়া হবে কি না—এ প্রশ্নের জবাবে হাছান মাহমুদ বলেন, ‘দেশকে রক্ষার জন্য যে পদক্ষেপ নেওয়া দরকার, তিনি যে-ই হোন না কেন তাঁর বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে।’