বিদেশি হিসেবে এখানকার রাজনৈতিক দল সম্পর্কে মন্তব্য করতে পারি না

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

ঢাকায় নতুন মার্কিন রাষ্ট্রদূত ড্যান ডব্লিউ মজিনা বলেছেন, একজন বিদেশি হিসেবে তিনি বাংলাদেশের রাজনৈতিক দলগুলো সম্পর্কে মন্তব্য করতে পারেন না। তবে যুক্তরাষ্ট্র গণতান্ত্রিক প্রতিষ্ঠানগুলোকে শক্তিশালী করতে বাংলাদেশকে সম্ভাব্য সহায়তা দেবে। গতকাল মঙ্গলবার দুপুরে পররাষ্ট্রমন্ত্রী দীপু মনির সঙ্গে তাঁর দপ্তরে বৈঠকের পর সাংবাদিকদের প্রশ্নের জবাবে মজিনা এ মন্তব্য করেন। বাংলাদেশের বিদ্যমান রাজনৈতিক পরিস্থিতি সম্পর্কে তাঁর মূল্যায়ন জানতে চাইলে মজিনা বলেন, ‘যুক্তরাষ্ট্রের মতো বাংলাদেশেও রয়েছে গতিশীল গণতন্ত্র। আমি একজন বিদেশি হিসেবে বাংলাদেশের রাজনৈতিক দলগুলোকে নিয়ে কথা বলতে পারি না। তবে এই প্রতিশ্রুতি দিতে পারি যে গণতান্ত্রিক প্রতিষ্ঠানগুলোকে শক্তিশালী করতে বাংলাদেশের জনগণ ও সরকারকে সম্ভাব্য সহায়তা দেবে মার্কিন সরকার ও ঢাকার মার্কিন দূতাবাস।’রাশিয়ার সহায়তায় বাংলাদেশের পারমাণবিক বিদ্যু ৎকেন্দ্র নির্মাণের বিষয়টিকে তিনি কীভাবে দেখছেন, জানতে চাইলে তিনি বলেন, যুক্তরাষ্ট্র নবায়নযোগ্য জ্বালানি সম্পদ অনুসন্ধানে বাংলাদেশের সঙ্গে কাজ করছে। পরমাণু জ্বালানি প্রক্রিয়ায় অংশ নেওয়ার প্রস্তাব যুক্তরাষ্ট্র বাংলাদেশকে দেয়নি। পররাষ্ট্রমন্ত্রীর সঙ্গে বিভিন্ন বিষয়ে বিস্তারিত আলোচনা হয়েছে জানিয়ে মজিনা বলেন, বাংলাদেশ ও যুক্তরাষ্ট্রের মধ্যে এখন দ্বিপক্ষীয় সম্পর্কের চেয়ে বেশি রয়েছে অংশীদারির সম্পর্ক। এটি হচ্ছে কৌশলগত অংশীদারি সম্পর্ক। এই সম্পর্ককে আরও সম্প্রসারিত, গভীর ও শক্তিশালী করায় একসঙ্গে কাজ করতে দুই দেশ সম্মত হয়েছে। বাংলাদেশে যুক্তরাষ্ট্রের পিস কোর আবারও আসবে কি না, জানতে চাইলে মার্কিন রাষ্ট্রদূত বলেন, ‘যুক্তরাষ্ট্র এই মুহূর্তে অর্থনৈতিক চ্যালেঞ্জ মোকাবিলা করছে। তবে পিস কোরকে নিয়ে আসার জন্য চেষ্টা করে যাব।’