বিদেশিদের উদ্বেগ, মুক্তি দাবি করেছে বিভিন্ন সংগঠন

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

মানবাধিকার সংগঠন অধিকারের সম্পাদক আদিলুর রহমান খানের গ্রেপ্তারে যুক্তরাষ্ট্র ও ইউরোপীয় ইউনিয়ন (ইইউ) গভীর উদ্বেগ প্রকাশ করেছে। যুক্তরাষ্ট্র অবিলম্বে আদিলের মুক্তি দাবি করেছে। আর তাঁর যাতে কোনো ক্ষতি না হয়, তার ওপর জোর দিয়েছে ইইউ।
গতকাল সোমবার যুক্তরাষ্ট্র ও ইইউ পৃথক বিবৃতিতে অধিকার সম্পাদকের গ্রেপ্তার নিয়ে তাদের এ প্রতিক্রিয়া জানিয়েছে।
এদিকে ঢাকায় নিযুক্ত যুক্তরাজ্যের হাইকমিশনার রবার্ট গিবসন সামাজিক যোগাযোগের মাধ্যম টুইটারে আদিলুর রহমান খানের গ্রেপ্তারে উদ্বেগ জানান। তিনি গত রোববার তাঁর টুইটার অ্যাকাউন্টে এ উদ্বেগ জানান।
সরকারের ব্যাখ্যা: আদিলুর রহমানকে গ্রেপ্তারের কারণ ব্যাখ্যা করে গতকাল পররাষ্ট্র মন্ত্রণালয় ঢাকায় মার্কিন দূতাবাস, ওয়াশিংটনে বাংলাদেশ দূতাবাস ও মার্কিন পররাষ্ট্র দপ্তরে চিঠি পাঠিয়েছে। চিঠিতে তাঁকে যে মামলায় গ্রেপ্তার করা হয়েছে তার প্রেক্ষাপট, হেফাজতের সমাবেশে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর অভিযান নিয়ে অধিকারের কাল্পনিক প্রতিবেদন ও পরিশেষে সরকারের মন্তব্য জুড়ে দেওয়া হয়েছে।
যুক্তরাষ্ট্রকে দেওয়া চিঠিতে সরকার জানিয়েছে, গত ৫ মে হেফাজতে ইসলামের সমাবেশে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর অভিযান নিয়ে অধিকারের ওয়েবসাইটে বাংলা ও ইংরেজিতে ৬১ পৃষ্ঠার একটি প্রতিবেদন প্রকাশ করা হয়েছে। পুলিশের রেকর্ডে থাকা নিহতের প্রকৃত সংখ্যার পরিবর্তে ওই প্রতিবেদনে দাবি করা হয়েছে অভিযানে ৬১ জন প্রাণ হারিয়েছে। দেশের আইনশৃঙ্খলা ব্যবস্থাকে অবজ্ঞা করা, আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর বিরুদ্ধে কুৎসা রটনা করা এবং সামগ্রিকভাবে মানবাধিকার পরিস্থিতি সম্পর্কে মিথ্যা ধারণা দিতে এ ধরনের কাল্পনিক প্রতিবেদন প্রকাশ করা হয়েছে।
মার্কিন প্রতিক্রিয়া: জানতে চাইলে মার্কিন দূতাবাসের মুখপাত্র বিরাজ লাবেলি গতকাল প্রথম আলোকে বলেন, ‘গত শনিবার গভীর রাতে পুলিশ অধিকারের সম্পাদক আদিলুর রহমান খানকে গ্রেপ্তার করায় আমরা গভীরভাবে উদ্বিগ্ন।’
মার্কিন মুখপাত্র বলেন, গণতান্ত্রিক শাসনব্যবস্থায় অধিকারের মতো প্রতিষ্ঠানের স্বাধীনভাবে কর্মকাণ্ড পরিচালনার পরিবেশ সৃষ্টি করাটা সরকারের জন্য জরুরি।
ইইউর বিবৃতি: বাংলাদেশে কর্মরত ইইউ মিশনপ্রধানগুলোর সম্মতিতে ইইউর বিবৃতিতে বলা হয়েছে: আমরা আদিলুর রহমান খান এবং বাংলাদেশে মানবাধিকার লঙ্ঘনের বিষয়ে অধিকারের প্রতিবেদনের সঙ্গে পরিচিত। আমাদের বিবেচনায় গতিশীল নাগরিক সমাজ এবং মানবাধিকারকর্মীদের কর্মকাণ্ড একটি দেশের মানবাধিকার পরিস্থিতির উন্নয়নে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে।
আদিলুর রহমানের গ্রেপ্তারে আমাদের উদ্বেগের বিষয়টি বিস্তারিতভাবে বাংলাদেশের যথাযথ কর্তৃপক্ষের কাছে তুলে ধরেছি। ইইউর সদস্য না হলেও ঢাকায় নরওয়ে ও সুইজারল্যান্ড দূতাবাস এ বিবৃতির সঙ্গে নিজেদের যুক্ত রেখেছে।
হিউম্যান রাইটস ওয়াচের প্রতিক্রিয়া: আদিলুর রহমানকে মুক্তি দিতে বাংলাদেশ কর্তৃপক্ষের প্রতি আহ্বান জানিয়েছে আন্তর্জাতিক মানবাধিকার সংস্থা হিউম্যান রাইটস ওয়াচ (এইচআরডব্লিউ)। এক বিবৃতিতে এইচআরডব্লিউর এশিয়া অঞ্চলের পরিচালক ব্র্যাড অ্যাডামস বলেন, এ গ্রেপ্তার থেকে মনে হচ্ছে, জাতীয় নির্বাচনের আগে সরকার তার অন্যতম এক সমালোচককে চুপ করিয়ে দেওয়ার জন্য এ পদক্ষেপ নিল।
বিভিন্ন সংগঠনের প্রতিক্রিয়া: আদিলুর রহমান খানকে গ্রেপ্তারে উদ্বেগ, প্রতিবাদ ও নিন্দা জানিয়েছে বিভিন্ন রাজনৈতিক, সামাজিক ও পেশাজীবী সংগঠন। সুশাসনের জন্য নাগরিকের (সুজন) কেন্দ্রীয় কমিটির সভাপতি এম হাফিজউদ্দিন খান ও সম্পাদক বদিউল আলম মজুমদার, জাতীয়তাবাদী আইনজীবী ফোরামের কেন্দ্রীয় নির্বাহী কমিটির সভাপতি রফিকুল ইসলাম মিয়া ও মহাসচিব এ এম মাহবুব উদ্দিন খোকন, বাংলাদেশ পরিবেশ আইনবিদ সমিতির (বেলা) প্রধান নির্বাহী সৈয়দা রিজওয়ানা হাসান পৃথক বিবৃতিতে আদিলুরকে গ্রেপ্তারের নিন্দা জানান। এ ছাড়া আদিবাসীদের ১০টি সংগঠন, ব্লাস্ট, সুপ্রিম কোর্ট আইনজীবী সমিতি, জাতীয়তাবাদী আইনজীবী ফোরাম, গণতান্ত্রিক বাম মোর্চা, নাগরিক উদ্যোগ, বাংলাদেশ জাতীয় মহিলা আইনজীবী সমিতি আদিলুর রহমান খানের দ্রুত মুক্তি দাবি করেছে।