বিদেশিদের জালে ইলিশ দেশি জেলেদের হাহাকার
আষাঢ় মাস ইলিশের মৌসুম হলেও এখন পর্যন্ত সাগরে ইলিশের দেখা পাচ্ছেন না পটুয়াখালীর গলাচিপা ও রাঙ্গাবালীসহ উপকূলীয় এলাকার জেলেরা। ভারত ও মিয়ানমারের জেলেরা বাংলাদেশ সীমান্তে বা সীমান্তের ভেতর ঢুকে কয়েক শ কিলোমিটার এলাকাজুড়ে বিশেষ ধরনের জাল ফেলে ইলিশ শিকার করছেন।তিন স্তরের ওই জাল ভেদ করে ছোট-বড় কোনো ইলিশই সাগরের বাংলাদেশ সীমান্তে আসতে পারছে না। তাই বাংলাদেশি জেলেদের জাল এখনো ইলিশশূন্য বলে জেলেরা অভিযোগ করেছেন।জেলেদের ভাষ্যমতে, ভারত ও মিয়ানমারের পতাকাবাহী শতাধিক অত্যাধুনিক জাহাজ সব সময় সাগরের বাংলাদেশ সীমান্তে অবস্থান নিয়ে থাকছে। প্রতিটি জাহাজের সঙ্গে রয়েছে ২০-২৫টি মাছ ধরার ছোট নৌকা। ওই সব নৌকা থেকে যন্ত্রের সাহায্যে লাশা নামে এক ধরনের জাল ফেলা হয় সাগরে।জেলেরা জানান, গত মৌসুমের মাঝামাঝি থেকে শেষ সময় পর্যন্ত পর্যাপ্ত ইলিশ শিকার করার পরও জলদস্যুদের হামলা ও অপহরণের শিকার হয়ে নিঃস্ব হয়ে পড়েছেন গলাচিপা-রাঙ্গাবালী উপজেলার শতাধিক ইলিশ-জেলে।গলাচিপার পানপট্টি ইউনিয়নের জেলে মজিবর রহমান জানান, এ বছর এখন পর্যন্ত সাগরে ইলিশ ধরা পড়ছে না। এ কারণে যেসব জেলে ইলিশ শিকারের জন্য সাগরে যাচ্ছেন, মৌসুমের শুরুতেই তাঁদের মোটা অঙ্কের লোকসান গুনতে হচ্ছে।রাঙ্গাবালীর উত্তরচালিতাবুনিয়া গ্রামের জেলে হাবিব মুফতি জানান, সাগরে ইলিশ ধরার জন্য মাঝারি আকারের একটি ট্রলার সাজাতে ১২-১৪ লাখ টাকা খরচ হয়। এ বছর তিনি নতুন করে একটি ট্রলার বানিয়েছেন। ইতিমধ্যে সাত-আটবার সাগরে গিয়ে জাল ফেলেছেন। কিন্তু ইলিশের দেখা মেলেনি। তিনি বলেন, ‘একেকবার সাগরে গিয়ে জাল ফেলতে ৩০-৩৫ হাজার টাকা খরচ হয়। অথচ প্রতিবারই ইলিশ ধরা পড়ছে ৩০-৪০টি।’ চালিতাবুনিয়ার আরেক জেলে মো. পারভেজ বলেন, ‘আমাদের আগের যে ২০০ নটিক্যাল মাইল সমুদ্রসীমা ছিল এর ঠিক বাইরেই লাশা-জাল ফেলা হচ্ছে। এতে শুধু ইলিশই নয়, সব ধরনের মাছই ধরা পড়ছে। মিয়ানমার ও ভারতের জেলেরা এসব মাছ ধরে নিয়ে যাচ্ছেন।’রাঙ্গাবালীর গঙ্গীপাড়া গ্রামের লোকমান হোসেন জানান, তিনি সাগরে জাল ফেলে দুই দিন আগে এলাকায় ফিরেছেন। তিনি যে পরিমাণ মাছ পেয়েছেন, তাতে ট্রলারের তেল খরচের টাকাও ওঠেনি। তিনি বলেন, ‘ভারতীয় জেলেরা লাশা-জাল দিয়ে ইলিশ শিকার করেন, এটা আমরা আগে কখনো দেখি নাই। তাঁদের ওই জালে ঠিকই ইলিশ ধরা পড়ছে। কিন্তু আমরা ইলিশ পাই না।’ জানতে চাইলে গলাচিপা উপজেলা মৎস্য কর্মকর্তা কামরুল ইসলাম প্রথম আলোকে বলেন, ‘আমাদের ধারণা ছিল, এ বছর জুলাইয়ের শুরু থেকেই সাগরে ইলিশ ধরা পড়বে। কিন্তু এখন পর্যন্ত কোনো ইলিশ মিলছে না।’ এক প্রশ্নের জবাবে মৎস্য কর্মকর্তা বলেন, ‘ভারত, মিয়ানমার ও থাইল্যান্ডের জেলেরা অত্যাধুনিক নৌযান নিয়ে সাগরে মাছ শিকার করেন বিষয়টি আমরা জানি। তবে সাগরের বাংলাদেশ সীমান্তে বা সীমান্তের ভেতরে ঢুকে তিন স্তরের জাল ফেলে ইলিশসহ অন্যান্য মাছ আটকে দেওয়া সম্পর্কে আমাদের কোনো ধারণা নেই। জেলেরা এ বিষয়ে জেনেই অভিযোগ তুলেছেন বলে মনে হচ্ছে। এ ব্যাপারে সরকারের ঊর্ধ্বতন মহলের সিদ্ধান্ত নেওয়া উচিত বলে মনে করি।’কোস্টগার্ড দক্ষিণাঞ্চলের অধিনায়ক সেলিম রেজা বলেন, ‘বঙ্গোপসাগরের সীমান্ত এলাকায় বা সীমান্তের অভ্যন্তরে ভারত ও মিয়ানমারের জেলেরা জাল ফেলছেন কি না, তা আমাদের জানা নেই। কারণ গভীর সমুদ্রে যাওয়ার মতো জলযান আমাদের কাছে নেই।’