পার্বত্য ছাত্র ফোরামের ব্যানারে ছাত্রলীগের মানববন্ধন
বিদেশিদের ঢুকতে না দেওয়া ও উপজাতীয় কোটা বাতিলের দাবি
বান্দরবানে কিছু সংখ্যক ছাত্র গতকাল শনিবার বিদেশিদের পার্বত্য চট্টগ্রামে ঢুকতে না দেওয়া ও উপজাতীয় কোটা বাতিলের দাবিতে মানববন্ধন করেছেন। পার্বত্য চট্টগ্রাম ছাত্র ফোরামের ব্যানারে মানববন্ধন করলেও সংগঠকেরা সবাই ছাত্রলীগের নেতা-কর্মী এবং ছাত্রদল ও ছাত্রশিবিরের কিছু সংখ্যক কর্মীও অংশ নেন।সম্প্রতি প্রশাসন ও সরকারি কিছু সংস্থা বিদেশিদের ওপর কড়াকড়ি আরোপ এবং বিদেশিদের সঙ্গে আদিবাসী নেতাদের গোপন যোগাযোগ রয়েছে বলার পর এ মানববন্ধন করানো হয়েছে বলে আদিবাসী নেতারা অভিযোগ করেছেন।জেলা জনসংহতি সমিতির (জেএসএস) সাধারণ সম্পাদক বলেছেন, আগামী ৯ আগস্ট আদিবাসী দিবস উদ্যাপনে ভীতি প্রদর্শনের জন্য প্রশাসন ও সংস্থাগুলো যোগসাজশ করে মানববন্ধন করিয়েছে। বিকেল সাড়ে তিনটার দিকে স্থানীয় প্রেসক্লাব চত্বরে ৫০-৬০ জন ছাত্র মানববন্ধনের জন্য আসেন। তাঁরা পার্বত্য ছাত্র ফোরামের ব্যানারে মানববন্ধন করলেও কোনো আদিবাসী ছাত্র সেখানে ছিলেন না। সেখানে বক্তব্য দেন কলেজ ছাত্রলীগের যুগ্ম সাধারণ সম্পাদক এম এ জাকির, শিক্ষাবিষয়ক সম্পাদক শাহাদাৎ হোসেন বাদশা, তথ্য ও গবেষণা সম্পাদক মোহাম্মদ আরিফ ওরফে বাবু, ছাত্রলীগের সমর্থক বিশ্বজিৎ চক্রবর্তী।বক্তারা বিদেশিদের পার্বত্য চট্টগ্রামে প্রবেশে নিষেধাজ্ঞা আরোপ এবং বিভিন্ন সরকারি নিয়োগ ও ভর্তিতে উপজাতীয় কোটা বাতিল করে পার্বত্য কোটা চালু করার দাবি জানান।মানববন্ধনের সময় একটি লিফলেট বিতরণ করা হয়। এতে বলা হয়েছে, বান্দরবানে কিছু বিদেশি নাগরিক আদিবাসী আন্দোলনের সঙ্গে জড়িত নেতাদের সঙ্গে দেখা করেন। লেলুং খুমী তাঁদের দেখা করানোর কাজে জড়িত রয়েছেন।পার্বত্য চট্টগ্রাম নাগরিক কমিটির বান্দরবানের কো-চেয়ারপারসন জুয়ামলিয়ান আমলাই বম বলেন, মানববন্ধনে বক্তারা সরকারি প্রশাসন ও সংস্থাগুলো যেভাবে পার্বত্য চট্টগ্রামে ষড়যন্ত্র-তত্ত্বের কথা বলে, ঠিক সেভাবে বক্তব্য দিয়েছেন। এতে সহজেই বোঝা যায়, এ কাজ কারা করিয়েছে। জেএসএসের জেলা সাধারণ সম্পাদক ক্যবামং মারমা বলেন, পার্বত্য চট্টগ্রামের মানুষ নিজেদের অস্তিত্ব রক্ষার জন্য আন্দোলন করে। কোনো বিদেশি নাগরিকের কথায় ওঠে-বসে না। ভয়ভীতি দেখিয়ে সেই আন্দোলন বন্ধ করে দেওয়ার জন্য প্রশাসন ও সংস্থাগুলো ষড়যন্ত্রের জন্য রং-বেরঙের সংগঠন সৃষ্টি করে বলে ক্যবামং ক্ষোভ প্রকাশ করেন।জেলা ছাত্রলীগের সাধারণ সম্পাদক সুজন চৌধুরী বলেছেন, পার্বত্য ছাত্র ফোরামের মানববন্ধন সম্পর্কে তাঁরা কিছু জানেন না। ছাত্রলীগের কোনো নেতা-কর্মীর অন্য কোনো সংগঠনে জড়িত থাকার কোনো নিয়ম নেই বলে তিনি জানান।বান্দরবান সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ইউএনও) ইমতিয়াজ আহমেদ প্রশাসনের মদদে সংগঠন সৃষ্টি করে মানববন্ধন করানোর কথা অস্বীকার করে বলেন, কখন মানববন্ধন হয়েছে, তাঁরা কেউ জানেন না। বিভিন্নজনের কাছে সংবাদ পেয়ে তিনি পুলিশ পাঠিয়েছেন। তবে বিদেশিদের প্রবেশে নিষেধাজ্ঞার দাবির কথা তাঁরা বলেছেন বলে তিনি শুনেছেন।