সাম্রাজ্যবাদবিরোধী সংহতি দিবস উপলক্ষে বাংলাদেশের কমিউনিস্ট পার্টি (সিপিবি) ও বাংলাদেশের সমাজতান্ত্রিক দল (বাসদ) আয়োজিত সভায় বক্তারা বলেছেন, কারও গোলামি করে বাংলাদেশের স্বাধীনতা আসেনি। বিদেশি শক্তিকে তোয়াজ করে মুক্তিযুদ্ধ ও গণতন্ত্র রক্ষা করা যাবে না।
জাতীয় প্রেসক্লাবের সামনে গতকাল বুধবার আয়োজিত এই সমাবেশে বক্তারা স্বাধীনতা, মুক্তিযুদ্ধ ও গণতন্ত্রকে রক্ষা করতে লড়াই তীব্র করার আহ্বান জানান।
গতকালের সভায় সিপিবির কেন্দ্রীয় কমিটির উপদেষ্টা মনজুরুল আহসান খান বলেন, স্বাধীন বাংলাদেশ এখন মার্কিন সাম্রাজ্যবাদের আগ্রাসনের শিকার। প্রকাশ্যে-অপ্রকাশ্যে বিদেশি শক্তি আমাদের অভ্যন্তরীণ রাজনীতিতে হস্তক্ষেপ করছে। তিনি ১৯৭৩ সালে সাম্রাজ্যবাদ বিরোধী আন্দোলনে শহীদ মতিউল ও কাদেরের স্মৃতির প্রতি শ্রদ্ধা জানিয়ে বলেন, তাঁদের দুজনের আত্মদানের পর সরকার ভিয়েতনামের বিপ্লবী সরকারকে স্বীকৃতি দিতে বাধ্য হয়েছিল। সভাপতির বক্তব্যে বাসদের সাধারণ সম্পাদক খালেকুজ্জামান বলেন, মার্কিন সাম্রাজ্যবাদ মুক্তিযুদ্ধের বিরোধিতা করেছিল। মুক্তিযুদ্ধের ধারায় বাংলাদেশকে অগ্রসর করার ক্ষেত্রে বর্তমানে সাম্রাজ্যবাদ বড় বাধা। আরও বক্তব্য দেন বাসদের কেন্দ্রীয় নেতা বজলুর রশীদ, সিপিবির সভাপতিমণ্ডলীর সদস্য আহসান হাবিব প্রমুখ।
মতিউল-কাদেরের প্রতি শ্রদ্ধা জানিয়ে সকালে জাতীয় প্রেসক্লাবের মোড়ে (কদম ফোয়ারার বিপরীতে) মতিউল-কাদের সাম্রাজ্যবাদ সংহতি স্মারকে শ্রদ্ধা নিবেদন করে সিপিবি, বাসদ, ছাত্র ইউনিয়নসহ বিভিন্ন বামপন্থী দল। বিজ্ঞপ্তি।