বিদেশিদের দেওয়া টাকা সমবণ্টন হয়নি: সুরঞ্জিত

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
রাজধানীর কাকরাইলে আজ শনিবার এক আলোচনা সভায় বক্তব্য দেন আওয়ামী লীগের নেতা সুরঞ্জিত সেনগুপ্ত। ছবি: ফোকাস বাংলা
রাজধানীর কাকরাইলে আজ শনিবার এক আলোচনা সভায় বক্তব্য দেন আওয়ামী লীগের নেতা সুরঞ্জিত সেনগুপ্ত। ছবি: ফোকাস বাংলা

রানা প্লাজা দুর্ঘটনায় ক্ষতিগ্রস্তদের বিদেশিদের দেওয়া টাকা সমবণ্টন হয়নি বলে মনে করছেন আওয়ামী লীগের উপদেষ্টা পরিষদের সদস্য সুরঞ্জিত সেনগুপ্ত।

আজ শনিবার রাজধানীর কাকরাইলের ইনস্টিটিউশন অব ডিপ্লোমা ইঞ্জিনিয়ার্স মিলনায়তনে এক আলোচনা সভায় সুরঞ্জিত এ মন্তব্য করেন।

সুরঞ্জিত সেনগুপ্ত বলেন, রানা প্লাজায় ক্ষতিগ্রস্ত অনেক পরিবার ক্ষতিপূরণ পায়নি এবং অনেকের পুনর্বাসন হয়নি। বিদেশিদের দেওয়া টাকা সংরক্ষণ করা হয়েছে। বণ্টন বিলম্বিত হচ্ছে। সরকার ও গার্মেন্টস মালিকপক্ষকে সমন্বয় সাধনের মাধ্যমে ক্ষতিগ্রস্তদের পুনর্বাসন করতে তিনি আহ্বান জানান।

আওয়ামী লীগের এই নেতা বলেন, বিএনপির লংমার্চের সময় হঠাত্ করেই তিন হাজার কিউসেক পানি আসায় রহস্য তৈরি হয়েছে। এই রহস্যেই বোঝা যায়, বিএনপি তিস্তা চুক্তি চায় না। তিনি বলেন, ‘রাজনীতিতে স্টান্টবাজি, বালখিল্য ও কূটকৌশল না করে মূলধারায় ফিরে আসুন। তিস্তা অভিমুখে লংমার্চ দেশের জন্য কিছুই আনতে পারেনি। আপনাদের উদ্দেশ্যও সফল হয়নি। দলকে উজ্জীবিত ও জনগণকে সম্পৃক্ত করতেও পারেননি।’

আওয়ামী লীগের এই নেতা বলেন, ‘আপনারা লংমার্চের নামে গাড়ি মার্চ করেছেন। তবে দেশে আর রাজনীতির নামে অপরাধ রাজনীতি হবে না। আওয়ামী লীগ কখনোই দেশের স্বার্থ জলাঞ্জলি দিয়ে কোনো চুক্তি করেনি। ভবিষ্যতেও করবে না।’

সংগঠনের উপদেষ্টা চিত্তরঞ্জন দাসের সভাপতিত্বে আলোচনা সভায় আরও উপস্থিত ছিলেন ঢাকা মহানগর আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক হাজি মো. সেলিম, আওয়ামী লীগের উপকমিটির সহসম্পাদক আসাদুজ্জামান দুর্জয়।