বিদেশিদের নাক গলানোর সুযোগ না দেওয়া ভালো

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
সংলাপ
সংলাপ

দেশের রাজনীতিতে বিদেশিদের নাক গলানোর সুযোগ না দেওয়াই ভালো। রাজনৈতিক দলগুলোর অনৈক্য এ সুযোগ সৃষ্টি করে। নিজেদের ভেতরে সহনশীলতা থাকলে এ অবস্থার সৃষ্টি হতো না।
গতকাল রোববার বিবিসি বাংলাদেশ সংলাপে প্যানেল আলোচকেরা এ অভিমত দেন।
রাজধানীর বিয়াম মিলনায়তনে আয়োজিত সংলাপের ৪৭ পর্বে ক্ষমতাসীন দল ও প্রধান রাজনৈতিক দলের প্রতিনিধিরা এ হস্তক্ষেপের পরিস্থিতি তৈরি করতে একে অপরকে দায়ী করেন। কোন দল কোন রাষ্ট্রের কাছে বেশি যায়, সেটা নিয়েও বাদানুবাদ হয়। অবশ্য দুই দলের প্রতিনিধিরাই মনে করেন, এ হস্তক্ষেপ অনাকাঙ্ক্ষিত।
নির্বাচনকালীন সরকারের বিষয়টি আলোচনার মাধ্যমে সমাধান না করে বিদেশি কূটনীতিকদের ওপর নির্ভরশীলতা নিয়ে প্রশ্ন উঠলে প্রধানমন্ত্রীর জনপ্রশাসনবিষয়ক উপদেষ্টা এইচ টি ইমাম বলেন, ‘বিএনপির কার্যালয়ে বিদেশিদের যাওয়া-আসা বেশি। তাদের সঙ্গে বিদেশিদের ওঠাবসা বেশি।’
এইচ টি ইমাম বলেন, ‘মার্কিন রাষ্ট্রদূতকে অনেকেই বিএনপির স্থায়ী কমিটির সদস্য বলে আখ্যায়িত করেন।’ এ মতের সঙ্গে অবশ্য আওয়ামী লীগ একমত নয় বলে জানান এইচ টি ইমাম।
এইচ টি ইমামের বক্তব্য, দেশের রাজনীতিতে বিদেশিদের পরিহার করতে পারলে ভালো হতো। কিন্তু এখন উপায় নেই। এটি অনেক আগে থেকে শুরু হয়েছে। এখন এর ধারাবাহিকতা চলছে।
সংলাপে বিএনপির স্থায়ী কমিটির সদস্য এ এস এম হান্নান শাহ বলেন, সংকটকালে অনেক বিদেশি অভ্যন্তরীণ বিষয়ে নাক গলানোর চেষ্টা করে। রাজনীতিকেরা যদি প্রশ্রয় না দেন, তাহলে তা সর্বোত্তম। তবে তিনি এ পরিস্থিতির জন্য বর্তমান সরকারকে দায়ী করেন। তিনি বলেন, ‘একটি বড় দল এক-এগারোর পরের সরকারকে নিজেদের সরকার বলে দাবি করেছিল।’
হরতালের সময় সংঘটিত ঘটনাগুলোতে হত্যা ও সম্পদ বিনষ্ট করার দায়ভার আসলে কার—এ প্রশ্নের উত্তরে সাবেক মন্ত্রী হান্নান শাহ এসব হামলায় তাঁর দলের কোনো দায় নেই বলে দাবি করেন।
সরকারের এজেন্ট, পুলিশের সোর্সসহ বিভিন্ন বাহিনীর হরতালের সহিংসতায় হাত আছে বলে দাবি করেন হান্নান শাহ।
সহিংসতার জন্য সরকারের অনড় অবস্থানকে দায়ী করে অবশ্য হান্নান শাহ বলেন, চুল নড়াতে গেলে শক্তির প্রয়োগ করতে হয়।
তাঁর এ কথার সূত্র ধরে এইচ টি ইমাম বলেন, হরতালে সহিংসতার দায় স্বীকার করে নিলেন হান্নান শাহ।
তবে দুই দলের এ অভিযোগ-পাল্টা অভিযোগের পরিপ্রেক্ষিতে অনুষ্ঠানের প্যানেল আলোচক ইংরেজি দৈনিক দ্য নিউজ টুডের সম্পাদক রিয়াজউদ্দিন আহমেদ বলেন, হরতালে সংঘটিত সহিংসতার দায় সরকার এবং বিরোধী দল উভয়কেই নিতে হবে। তবে সহিংসতা রোধে সরকারের বেশি ভূমিকা থাকা উচিত বলে মন্তব্য করেন তিনি।
প্যানেল আলোচক ঢাকা বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক জিনাত হুদা ওয়াহিদ বলেন, এতগুলো মানুষের প্রাণ চলে গেলেও বিএনপির কেউ গিয়ে স্বজনহারানো মানুষদের সান্ত্বনা পর্যন্ত দেননি।
জিনাত হুদা বলেন, সদ্য পাস হওয়া দুর্নীতি দমন কমিশন আইনের সংশোধনী পুনর্বিবেচনার জন্য রাষ্ট্রপতির উচিত এটি আবার সংসদে ফেরত পাঠানো। তাঁর কথা, দেশের সব সরকারই দুর্নীতিতে জড়িত। কেউ চ্যাম্পিয়ন, কেউ রানারআপ হয়।
গতকালের বিবিসির সংলাপ উপস্থাপনা করেন আকবর হোসেন।