বিদেশিদের নিরাপত্তা নিয়ে আজ জাতীয় টাস্কফোর্সের সভা
বিদেশিদের নিরাপত্তাবিষয়ক জাতীয় টাস্কফোর্সের প্রথম সভা আজ বৃহস্পতিবার দুপুরে রাষ্ট্রীয় অতিথি ভবন পদ্মায় অনুষ্ঠিত হবে। ভবিষ্যতে গুলশানের রেস্তোরাঁর মতো জঙ্গি হামলার পুনরাবৃত্তি হলে বিদেশিদের নিরাপত্তা নিশ্চিত করাসহ বিভিন্ন বিষয়ে সভায় আলোচনা হবে।
পররাষ্ট্র মন্ত্রণালয়ের এক জ্যেষ্ঠ কর্মকর্তা গতকাল বুধবার জানান, পররাষ্ট্রমন্ত্রী আবুল হাসান মাহমুদ আলীর নেতৃত্বাধীন টাস্কফোর্সের সভায় কূটনীতিকসহ বিদেশিদের নিরাপত্তা নিশ্চিত করতে ভবিষ্যতে সমন্বিত উপায়ে কাজ করার ব্যাপারে আলোচনা হবে। এ ছাড়া বিদেশি কূটনীতিকদের নিরাপত্তা জোরদারে বিভিন্ন দেশ যেসব অনুরোধ জানিয়েছে, সেগুলো নিয়ে আলোচনা করা হবে।
ওই কর্মকর্তা জানান, ভবিষ্যতে গুলশানের হামলার মতো ঘটনা ঘটলে বিদেশিরা কী করবেন, হালনাগাদ পরিস্থিতি সম্পর্কে তাঁদের কীভাবে অবহিত করা হবে, এ বিষয়গুলো নিয়েও আলোচনা হবে। প্রশ্নের উত্তরে ওই কর্মকর্তা জানান, কূটনীতিকসহ সব বিদেশির নিরাপত্তা নিশ্চিত করাটা সরকারের দায়িত্ব। তবে আন্তর্জাতিক সনদ অনুসারে স্বাগতিক দেশ হিসেবে কূটনীতিকদের নিরাপত্তার বিষয়টিকে সরকারের অগ্রাধিকার দিতে হয়।
গুলশানে রেস্তোরঁায় জঙ্গি হামলার পর ভবিষ্যতে এ ধরনের পরিস্থিতি মোকাবিলায় কূটনীতিকদের সঙ্গে তথ্য দেওয়া-নেওয়া এবং নিরাপত্তা সহযোগিতা সমন্বিত উপায়ে করার লক্ষ্যে সম্প্রতি পররাষ্ট্রমন্ত্রীকে সভাপতি করে উচ্চপর্যায়ের ওই টাস্কফোর্স গঠন করা হয়েছে। টাস্কফোর্সের বিকল্প সভাপতি হলেন প্রধানমন্ত্রীর নিরাপত্তা উপদেষ্টা মেজর জেনারেল (অব.) তারিক আহমেদ সিদ্দিক।