পররাষ্ট্রমন্ত্রীর সভাপতিত্বে টাস্কফোর্সের প্রথম সভা
বিদেশিদের নিরাপত্তায় নতুন পদক্ষেপের সুপারিশ
গুলশানের হলি আর্টিজান রেস্তোরাঁয় ১ জুলাইয়ের জঙ্গি হামলার পর ঢাকায় কর্মরত বিদেশি কূটনীতিক ও কূটনৈতিক মিশনের কর্মকর্তাদের নিরাপত্তা নিশ্ছিদ্র করতে কিছু নতুন পদক্ষেপ নেওয়ার সুপারিশ করেছে জাতীয় টাস্কফোর্স। গতকাল বৃহস্পতিবার বিকেলে পররাষ্ট্রমন্ত্রী আবুল হাসান মাহমুদ আলীর সভাপতিত্বে রাষ্ট্রীয় অতিথি ভবন পদ্মায় ওই টাস্কফোর্সের প্রথম সভায় এ সুপারিশ করা হয়েছে।
সভার পর রাতে পররাষ্ট্র মন্ত্রণালয় এক বিজ্ঞপ্তিতে এ তথ্য প্রচার করেছে।
গুলশানে রেস্তোরাঁয় জঙ্গি হামলার পর ভবিষ্যতে এ ধরনের পরিস্থিতি মোকাবিলায় কূটনীতিকদের সঙ্গে তথ্য দেওয়া-নেওয়া এবং নিরাপত্তা সহযোগিতা সমন্বিত উপায়ে করার লক্ষ্যে সম্প্রতি পররাষ্ট্রমন্ত্রীকে সভাপতি করে উচ্চপর্যায়ের ওই টাস্কফোর্স গঠন করা হয়।
বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, গতকালের সভায় এ পর্যন্ত বাংলাদেশে বিদেশি কূটনীতিক ও বিভিন্ন কূটনীতিক মিশন এবং আন্তর্জাতিক সংস্থার কর্মকর্তাদের নিরাপত্তার জন্য নেওয়া বিভিন্ন পদক্ষেপের পর্যালোচনা করা হয়। তাদের নিরাপত্তায় কূটনৈতিক এলাকায় নজরদারি ও টহল বাড়ানোয় সভায় সন্তোষ প্রকাশ করা হয়। টাস্কফোর্স বিদেশি কূটনীতিক ও কূটনৈতিক মিশনের কর্মকর্তাদের নিরাপত্তা নিশ্ছিদ্র করতে কিছু নতুন পদক্ষেপ নেওয়ার সুপারিশ করেছে।
তবে সুপারিশকৃত পদক্ষেপ সম্পর্কে বিজ্ঞপ্তিতে কিছু উল্লেখ করা হয়নি।
অবশ্য টাস্কফোর্সের প্রথম সভার আগে গত বুধবার পররাষ্ট্র মন্ত্রণালয়ের একজন জ্যেষ্ঠ কর্মকর্তা গণমাধ্যমকর্মীদের জানান, হলি আর্টিজান বেকারির জঙ্গি হামলার পরিপ্রেক্ষিতে কূটনীতিকসহ বিদেশিদের নিরাপত্তা নিশ্চিত করতে ভবিষ্যতে সমন্বিত উপায়ে কাজ করার ব্যাপারে বৈঠকে আলোচনা হবে। এ ছাড়া বিদেশি কূটনীতিকদের নিরাপত্তা জোরদারে বিভিন্ন দেশ যেসব অনুরোধ জানিয়েছে, সেগুলো নিয়ে আলোচনা হবে। ইতিমধ্যে কয়েকটি দেশ নিরাপত্তারক্ষীদের অস্ত্র ব্যবহারের অনুমতি দিতে বাংলাদেশকে অনুরোধ জানিয়েছে। এ ছাড়া রাষ্ট্রদূতের জন্য আর্মার্ড ভেহিকেল (বুলেটপ্রুফ এবং বিস্ফোরক নিরোধক উন্নত প্রযুক্তির গাড়ির সর্বশেষ সংস্করণ) ব্যবহারের অনুমতি পেতে কয়েকটি দেশ বাংলাদেশকে অনুরোধ জানিয়েছে।
গতকালের সভায় পররাষ্ট্র প্রতিমন্ত্রী মো. শাহরিয়ার আলম, প্রধানমন্ত্রীর কার্যালয়ের মুখ্য সচিব আবুল কালাম আজাদ, পররাষ্ট্রসচিব মো. শহীদুল হক এবং স্বরাষ্ট্র মন্ত্রণালয়, অর্থনৈতিক সম্পর্ক বিভাগ, পুলিশ, সশস্ত্র বাহিনী বিভাগ ও অন্যান্য সংস্থার প্রতিনিধিরা উপস্থিত ছিলেন।
ইইউ রাষ্ট্রদূতের সাক্ষাৎ: এদিকে টাস্কফোর্সের বৈঠকের পর বিকেলে পররাষ্ট্রসচিব মো. শহীদুল হকের সঙ্গে ঢাকায় নিযুক্ত ইউরোপীয় ইউনিয়নের (ইইউ) রাষ্ট্রদূত পিয়েরে মায়াদু দেখা করেন। এ সময় বাংলাদেশের সর্বশেষ নিরাপত্তা পরিস্থিতি ও ইউরোপীয় পার্লামেন্ট ও ইউরোপীয় কমিশনের একাধিক প্রতিনিধিদলের ঢাকা সফর নিয়ে আলোচনা হয়।
বৈঠক সূত্রে জানা গেছে, গুলশানের জঙ্গি হামলার পর কূটনীতিকসহ বিদেশিদের নিরাপত্তায় সরকারের নেওয়া বিভিন্ন পদক্ষেপ এবং সন্ত্রাস ও জঙ্গিবাদের বিরুদ্ধে সরকারের জোরালো প্রত্যয়ের বিষয়টি পররাষ্ট্রসচিব পুনরায় রাষ্ট্রদূতকে জানান।
চলতি মাসে বাংলাদেশের সঙ্গে অভিবাসন নিয়ে আলোচনার জন্য ইউরোপীয় কমিশনের একটি প্রতিনিধিদলের এবং নভেম্বরে বাণিজ্য নিয়ে আলোচনার জন্য ইউরোপীয় পার্লামেন্টের অন্য একটি প্রতিনিধিদলের ঢাকা সফরের কথা রয়েছে।