বিদেশিদের নিরাপত্তায় দ্রুত সাড়া দিয়েছে বাংলাদেশ : বার্নিকাট

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

ঢাকায় নিযুক্ত মার্কিন রাষ্ট্রদূত মার্শা বার্নিকাট বলেছেন, সাম্প্রতিক নিরাপত্তা হুমকির পর বিদেশিদের নিরাপত্তা নিশ্চিতের অনুরোধে বাংলাদেশ সরকার দ্রুত ও অত্যন্ত ইতিবাচকভাবে সাড়া দিয়েছে।
গতকাল সোমবার দুপুরে ইন্টারনেটে সামাজিক যোগাযোগের মাধ্যম ফেসবুকে আলাপে (চ্যাট) মার্শা বার্নিকাট এ কথা বলেন। তিনি ঢাকায় ইতালির নাগরিক সিজার তাবেলা ও রংপুরে জাপানের নাগরিক কুনিও হোশির হত্যায় তাঁদের পরিবার ও বন্ধুদের প্রতি সমবেদনা জানান। তিনি বলেন, ‘দুজনের মৃত্যু আমাদের সবার ক্ষতি করেছে।’
মার্কিন রাষ্ট্রদূত নারীর ক্ষমতায়ন ও নারী-পুরুষ সমতা এবং দ্বিপক্ষীয় বিষয়ে ফেসবুকে বিভিন্নজনের প্রশ্নের উত্তর দেন। তিনি বলেন, বাংলাদেশের জনগোষ্ঠীর অর্ধেকই নারী, যাঁরা দেশের সাফল্যে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখছেন। তাই জাতির উন্নয়নে নারীর ক্ষমতায়ন অপরিহার্য।
এক প্রশ্নের জবাবে মার্শা বার্নিকাট বলেন, মার্কিন বাজারে বাংলাদেশের পণ্যের অবাধ বাজারসুবিধা (জিএসপি) স্থগিত হওয়ার পর থেকে এ পর্যন্ত প্রতিবছর যুক্তরাষ্ট্রে বাংলাদেশের তৈরি পোশাক রপ্তানি বেড়েছে। কাজেই বাংলাদেশের নারীদের সুবিধার্থে যুক্তরাষ্ট্রে তৈরি পোশাকের রপ্তানি অব্যাহত থাকবে।
জিএসপি ফিরে পেতে বাংলাদেশ প্রয়োজনীয় পদক্ষেপ নেবে বলে তিনি আশাবাদ ব্যক্ত করেন।