বিদেশিদের পার্বত্য চট্টগ্রামে প্রবেশের শর্ত শিথিলের সিদ্ধান্ত

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

পার্বত্য চট্টগ্রামের তিন জেলায় বিদেশিদের প্রবেশের ক্ষেত্রে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের অনুমোদন নেওয়ার শর্ত শিথিল করার সিদ্ধান্ত হয়েছে। এখন থেকে কূটনৈতিক ও একই পর্যায়ের আন্তর্জাতিক সংস্থার কর্মকর্তারা শুধু পররাষ্ট্র মন্ত্রণালয়কে অবহিত করেই ওই এলাকায় যেতে পারবেন।
অবশ্য অন্যান্য বিদেশি নাগরিকের স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের অনুমোদন নিতে হবে। এ ক্ষেত্রে অনুমোদন নেওয়ার সময় কমানো হয়েছে। আগের সিদ্ধান্ত অনুযায়ী ৩০ দিন আগে জানানোর কথা ছিল। এখন ২০ দিন আগে জানালেই হবে।
স্বরাষ্ট্রসচিব মোজাম্মেল হক খান গতকাল সোমবার প্রথম আলোকে এসব তথ্য জানিয়ে বলেন, মূলত বিদেশিদের নিরাপত্তা নিশ্চিত করার জন্যই এটি করা হয়েছে। তিনি জানান, এখন এ বিষয়ে প্রজ্ঞাপন জারি করা হবে।
স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী আসাদুজ্জামান খান কামালও গতকাল সচিবালয়ে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে বিষয়টি শিথিলের সিদ্ধান্তের কথা জানান।
সস্প্রতি তিন পার্বত্য জেলায় বিদেশিদের প্রবেশের ক্ষেত্রে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের অনুমোদন নেওয়ার শর্ত জুড়ে দেওয়া হয়, যা নিয়ে সমালোচনা চলছে বিভিন্ন মহলে।
যন্ত্রে পাঠযোগ্য পাসপোর্ট (এমআরপি) প্রকল্পের মেয়াদ আগামী ডিসেম্বর পর্যন্ত ছয় মাস বাড়ানো হচ্ছে বলেও সাংবাদিকদের জানান স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী। সৌদি আরব, মালয়েশিয়া ও ইউরোপীয় ইউনিয়নের দেশগুলোতে বসবাসরত বাংলাদেশিদের সুবিধার্থে এই সময় বাড়ানো হচ্ছে।
২০১০ সালের ১ এপ্রিল শুরু হয়েছিল এমআরপি প্রকল্প। এর মেয়াদ শেষ হওয়ার কথা ছিল আগামী জুনে।
ভারতে গ্রেপ্তার হওয়া নারায়ণগঞ্জের সাত খুনের মামলার আসামি নূর হোসেনকে দেশে ফিরিয়ে আনার উদ্যোগের কথাও জানান স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী।