বিদেশিদের প্রস্তাব নিয়ে আইনমন্ত্রীর বাসায় বৈঠক
রাজনৈতিক সংকট নিরসনে সংলাপের বিষয়ে মার্কিন পররাষ্ট্রমন্ত্রী জন কেরির চিঠি ও ইউরোপীয় ইউনিয়নসহ বিভিন্ন দেশের প্রস্তাব নিয়ে আওয়ামী লীগ ও সরকারের কয়েকজন শীর্ষস্থানীয় নীতিনির্ধারক গতকাল বুধবার রাতে আইনমন্ত্রীর বাসায় বৈঠক করেছেন।
আইনমন্ত্রী শফিক আহমেদের ইন্দিরা রোডের বাসায় এ বৈঠকে আওয়ামী লীগের উপদেষ্টামণ্ডলীর সদস্য তোফায়েল আহমেদ, সুরঞ্জিত সেনগুপ্ত, প্রধানমন্ত্রীর জনপ্রশাসনবিষয়ক উপদেষ্টা এইচ টি ইমাম, অর্থবিষয়ক উপদেষ্টা মসিউর রহমান, আইনসচিব শহিদুল করিম প্রমুখ উপস্থিত ছিলেন।
সংশ্লিষ্ট একাধিক সূত্র জানায়, বৈঠকে বিরোধী দলের সঙ্গে সংলাপ নিয়ে বিদেশিদের অনুরোধের বিষয়ে আলোচনা হয়। তবে নির্বাচনকালীন সরকার হিসেবে শেখ হাসিনার নেতৃত্বাধীন অন্তর্বর্তী সরকারের পক্ষেই নেতারা অবস্থান নেন। আর সংবিধানের আওতায় সংসদে আলোচনার পক্ষে মত দেন।
বৈঠকে সংবিধান সংশোধন না করে গণপ্রতিনিধিত্ব আদেশ (আরপিও) ও বিধিমালা সংশোধনের মাধ্যমে অন্তর্বর্তী সরকারের অধীনে নির্বাচনের ক্ষেত্রে যেসব অস্পষ্টতা রয়েছে, তা নিরসনের বিষয়ে আলোচনা হয়। অন্তর্বর্তী সরকারের প্রধান ও মন্ত্রিপরিষদের সদস্যদের নির্বাচনে অংশগ্রহণ, নির্বাচনী প্রচারে অংশগ্রহণের সুযোগ রাখা নিয়ে বর্তমান আরপিওতে থাকা বিদ্যমান বিধানাবলির অস্পষ্টতা দূর করতে সংশোধনী আনারও সিদ্ধান্ত হয়। সরকারি চাকরি থেকে অবসরের পর তিন বছর পর্যন্ত নির্বাচনে অংশগ্রহণ না করতে পারার বাধ্যবাধকতা শিথিল করার প্রস্তাব করা হবে।
সূত্র জানায়, আরপিও খসড়া প্রস্তাবটি আইন মন্ত্রণালয় থেকে ভেটিং হয়ে এলেই তা মন্ত্রিপরিষদের বৈঠকে উত্থাপন করা হবে। নির্বাচনী প্রচারের সময় ২১ দিন থেকে কমিয়ে ১০-১২ দিন নির্ধারণ, নির্বাচনকালীন ধর্মীয় অপপ্রচার রোধে নির্বাচনী আচরণবিধি আরও কঠোর করার কথা বলা হয়।