বিদেশিদের বক্তব্য নিয়ে মন্ত্রিসভায় আলোচনা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

সদ্য শেষ হওয়া তিন সিটি করপোরেশন নির্বাচনের ‘অনিয়ম’ নিয়ে বিদেশি কূটনীতিকদের বক্তব্য-বিবৃতিতে বিরক্ত মন্ত্রিসভার সদস্যরা। গতকাল সোমবার প্রধানমন্ত্রীর উপস্থিতিতে মন্ত্রিসভার নিয়মিত বৈঠকে অনির্ধারিত আলোচনায় প্রাধান্য পায় এ বিষয়টি।
বৈঠকে অংশ নেওয়া একাধিক মন্ত্রী নাম প্রকাশ না করার শর্তে জানান, কয়েকজন মন্ত্রী সিটি করপোরেশন নির্বাচন নিয়ে আলোচনা করেছেন, তাঁরা জাতিসংঘ মহাসচিবসহ কূটনীতিকদের বক্তব্যেরও সমালোচনা করেন। দৃষ্টান্ত হিসেবে একজন মন্ত্রী বলেন, পশ্চিমবঙ্গে পঞ্চায়েত নির্বাচনে সহিংসতা ও হতাহতের ঘটনা ঘটলেও তা নিয়ে বিদেশিদের মাথাব্যাথা নেই। কারণ, সেখানে কথা বলার সাহস তাঁদের নেই।
বৈঠক সূত্র জানায়, প্রধানমন্ত্রী শেখ হাসিনা এ সময় তাঁকে জাতিসংঘ মহাসচিবের ফোন করার কথা উল্লেখ করেন। প্রধানমন্ত্রী বলেন, তিনি মহাসচিবকে নির্বাচন সুষ্ঠু হওয়ার কথা জানিয়েছেন। এতগুলো কেন্দ্রের মধ্যে গুটিকয়েক কেন্দ্রে অনিয়ম হওয়া এবং কোনোরকম সহিংসতা না হওয়ার কথাও মহাসচিবকে জানানো হয়েছে।
জাতিসংঘের সহকারী মহাসচিব অস্কার ফার্দান্দেজ তারানকোর বাংলাদেশ আসার বিষয়ে প্রধানমন্ত্রী বলেন, জাতিসংঘ মহাসচিব তাঁর আসার কথা বলেছেন এবং বিষয়টি তিনি শুনেছেন।
জাতিসংঘ, যুক্তরাষ্ট্র ও যুক্তরাজ্য নির্বাচনের কারচুপি ও সহিংসতায় হতাশা প্রকাশ করে পুরো প্রক্রিয়ার তদন্তের দাবি করেছে। নাম প্রকাশে অনিচ্ছুক একজন মন্ত্রী বলেন, একটি স্থানীয় নির্বাচনে আন্তর্জাতিক মহলের এ প্রতিক্রিয়া সরকার সমালোচনার দৃষ্টিতেই দেখছে।
গত শুক্রবার জাতিসংঘ মহাসচিব বান কি মুন প্রধানমন্ত্রী শেখ হাসিনার সঙ্গে টেলিফোনে তিন সিটি করপোরেশন নির্বাচন নিয়ে কথা বলেন। আবার যুক্তরাষ্ট্রের রাজনীতিবিষয়ক আন্ডার সেক্রেটারি ওয়েন্ডি শারমেন ঢাকায় দুই দেশের অংশীদারত্ব সংলাপের পর সাংবাদিকদের প্রশ্নের জবাবে পরবর্তী নির্বাচনপ্রক্রিয়া উন্নত করতে সিটি নির্বাচনের অনিয়মের স্বচ্ছ তদন্তের তাগিদ দেন।
এ পরিস্থিতিতে প্রধানমন্ত্রী শেখ হাসিনা সম্প্রতি এক অনুষ্ঠানে সিটি নির্বাচন নিয়ে তদন্ত হবে বলে জানান। একই সঙ্গে নির্বাচন কমিশনও অনিয়ম তদন্ত করবে বলে জানিয়েছে। মন্ত্রিসভার বৈঠকেও প্রধানমন্ত্রী জানান, অনিয়ম কিছু হয়ে থাকলে তার তদন্ত হবে।
নাম প্রকাশ না করার শর্তে আরেকজন মন্ত্রী বলেন, সিটি নির্বাচন নিয়ে বিদেশিদের প্রতিক্রিয়া সরকারের জন্য অস্বস্তিকর। তবে সরকার বিষয়টি খুব গুরুতর বলে মনে করছে না।