বিদেশিদের মধ্যস্থতার উদ্যোগ চরম অমর্যাদাকর: এরশাদ

জাতীয় পার্টির চেয়ারম্যান হুসেইন মুহম্মদ এরশাদ বলেছেন, ‘দেশে বিরাজমান রাজনৈতিক সমস্যা সমাধানের জন্য বিদেশিদের পরামর্শ কিংবা তাদের মধ্যস্থতার উদ্যোগ জাতির জন্য চরম অমর্যাদাকর। আমাদের সমস্যা আলাপ আলোচনার মাধ্যমে আমাদেরই সমাধান করতে হবে।’
আজ শনিবার রাজধানীর মহানগর নাট্যমঞ্চে বাংলাদেশ গ্রাম ডাক্তার কল্যাণ সমিতির মহা সম্মেলনে এরশাদ এ কথা বলেন বলে দলের এক বিজ্ঞপ্তিতে জানানো হয়।
এরশাদ বলেন, সব দলের অংশগ্রহণে অর্থবহ নির্বাচনের আয়োজন করতে হবে। অর্থবহ এবং বিতর্কমুক্ত নির্বাচন অনুষ্ঠানের জন্য নির্বাচনের পদ্ধতি পরিবর্তনের কোনো বিকল্প নেই। তিনি বর্তমান নির্বাচনপদ্ধতির পরিবর্তে নির্বাচনে প্রাপ্ত ভোটের আনুপাতিক হার অনুসারে সংসদ সদস্য নির্বাচিত করার বিধান প্রণয়ন করার প্রস্তাব করেন।
গ্রাম ডাক্তার কল্যাণ সমিতির সভাপতি আবদুস সাত্তারের সভাপতিত্বে অনুষ্ঠিত মহা সম্মেলনে অন্যদের মধ্যে জাতীয় পার্টির মহাসচিব এ বি এম রুহুল আমিন হাওলাদার, প্রেসিডিয়াম সদস্য জিয়া উদ্দিন আহমেদ বাবলু, সমিতির সাধারণ সম্পাদক আবু ইউসুফ খান প্রমুখ বক্তব্য দেন।