বিদেশিদের মধ্যস্থতায় কোনো সমস্যার সমাধান হবে না

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের বলেছেন, জাতিসংঘের কোনো প্রতিনিধি বা বিদেশিদের মধ্যস্থতায় বাংলাদেশের কোনো সমস্যার সমাধান হবে না। রাজনৈতিক দলগুলোকে নিজেদের মধ্যে আলাপ-আলোচনার মাধ্যমে নিজেদের সমস্যা নিজেদেরই সমাধান করতে হবে।
পরিস্থিতি সাপেক্ষে আবারও বাংলাদেশে আসতে পারেন জাতিসংঘের শান্তি প্রতিষ্ঠাবিষয়ক সহকারী মহাসচিব অস্কার ফার্নান্দেজ তারানকো—সংস্থাটির উপমুখপাত্রের এই বক্তব্য সম্পর্কে জানতে চাইলে সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী এই মন্তব্য করেছেন। গতকাল বুধবার ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের ফেনীর ছাগলনাইয়া উপজেলায় মুহুরী সেতু উদ্বোধনের সময় সাংবাদিকেরা এই প্রশ্ন করেন।
আওয়ামী লীগের জাতীয় সম্মেলন প্রসঙ্গে ওবায়দুল কাদের বলেন, এবারের সম্মেলন স্মরণকালের সবচেয়ে বড় জাতীয় উৎসবে পরিণত হবে। তিনি বলেন, অতীতে যাঁরা নানা অপকর্মে জড়িত ছিলেন, যাঁদের কারণে দলের ভাবমূর্তি ক্ষুণ্ন হয়েছে, অথবা যাঁরা নিষ্ক্রিয় ছিলেন—তাঁরা নতুন কমিটিতে স্থান পাবেন না। নতুন কমিটি হবে নবীন-প্রবীণের সমন্বয়ে।
নারায়ণগঞ্জে শিক্ষক লাঞ্ছনা প্রসঙ্গে ওবায়দুল কাদের বলেন, যিনি অপরাধ করেছেন, তাঁকে শাস্তি পেতে হবে।
গতকাল সকালে চট্টগ্রাম থেকে ঢাকা যাওয়ার পথে সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী মুহুরী সেতুসহ বড় দুটি সেতুর উদ্বোধন করেন।
এ সময় ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক চার লেন প্রকল্পের পরিচালক আফতাব হোসেন খান, প্রকল্প ব্যবস্থাপক সন্তোষ কুমার রায়, ফেনী সড়ক বিভাগের নির্বাহী প্রকৌশলী শেখ সোহেল, ফেনীর সহকারী পুলিশ সুপার (সার্কেল) মো. আমিরুল আলম, জেলা যুবলীগের সাধারণ সম্পাদক শুসেন চন্দ্র শীল প্রমুখ উপস্থিত ছিলেন।