বিদেশিদের মুরব্বিয়ানার সুযোগ নেই: সুরঞ্জিত

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
আওয়ামী লীগের উপদেষ্টা পরিষদের সদস্য ও দপ্তরবিহীন মন্ত্রী সুরঞ্জিত সেনগুপ্ত
আওয়ামী লীগের উপদেষ্টা পরিষদের সদস্য ও দপ্তরবিহীন মন্ত্রী সুরঞ্জিত সেনগুপ্ত

বাংলাদেশের সমস্যা সমাধানে বিদেশিদের মুরব্বিয়ানার সুযোগ নেই বলে মন্তব্য করেছেন আওয়ামী লীগের উপদেষ্টা পরিষদের সদস্য ও দপ্তরবিহীন মন্ত্রী সুরঞ্জিত সেনগুপ্ত।
আজ বৃহস্পতিবার সকালে রাজধানীর ইনস্টিটিউশন অব ডিপ্লোমা ইঞ্জিনিয়ার্স মিলনায়তনে বঙ্গবন্ধু একাডেমি আয়োজিত এক আলোচনা সভায় এ কথা বলেন সুরঞ্জিত সেনগুপ্ত।
এই দপ্তরবিহীন মন্ত্রী বলেন, ‘বাংলাদেশ নিয়ে বিদেশিদের উত্কণ্ঠা দেখে আমাদের ভালো লাগে। তারা আমাদের বন্ধু। তারা পরামর্শ দিতেই পারে। কিন্তু সমস্যার সমাধান করতে পারে না। সুতরাং এখানে বিদেশিদের মুরব্বিয়ানার কোনো সুযোগ নেই। আমাদের সমস্যা আমাদেরই সমাধান করতে হবে।’
বিদেশি সংস্থাগুলোর হস্তক্ষেপ কামনা না করে সংসদে এসে আলোচনার মাধ্যমে সমস্যা সমাধানের পথ বের করার জন্য বিএনপির প্রতি আহ্বান জানান সুরঞ্জিত সেনগুপ্ত।
আওয়ামী লীগের উপদেষ্টা পরিষদের এই সদস্য দাবি করেন, ‘অনেকে বলছেন, আওয়ামী লীগ একদলীয় নির্বাচনের দিকে এগোচ্ছে। কিন্তু আমরা সব দলের অংশ গ্রহণে বহুদলীয় নির্বাচনের দিকেই এগোচ্ছি। অথচ নির্বাচন যতই এগিয়ে আসছে, বিরোধী দলের হতাশা ততই বাড়ছে। আমরা আগেও বলেছি, এখনো বলছি, ক্ষমতা শেষ হওয়ার ৯০ দিন আগেই নির্বাচনের তফসিল ঘোষণা হবে। সুতরাং তাদের হতাশ হওয়ার কোনো কারণ নেই।’

সংগঠনের উপদেষ্টা শেখ ইশতিয়াক হোসেনের সভাপতিত্বে আলোচনা সভায় আরও বক্তব্য দেন আওয়ামী লীগের উপকমিটির সহ-সম্পাদক জাকির হোসেন, মুক্তিযোদ্ধা প্রজন্ম লীগের সভাপতি আসাদুজ্জামান প্রমুখ।