বিদেশিদের লাগবে না জনগণই নির্বাচন পর্যবেক্ষণ করবে

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

আগামী দশম জাতীয় সংসদ নির্বাচন সুষ্ঠু ও নিরপেক্ষ হবে। এ নির্বাচন কেউ ঠেকাতে পারবে না। এতে বিদেশি কোনো পর্যবেক্ষক দলও লাগবে না। দেশের জনগণই তা পর্যবেক্ষণ করবে।

পাকিস্তানের পার্লামেন্টে কাদের মোল্লার মৃত্যুদণ্ড কার্যকর করায় নিন্দা প্রস্তাব এবং ‘বিএনপি-জামায়াতের সহিংসতার’ প্রতিবাদে গতকাল মঙ্গলবার রাজধানীর বঙ্গবন্ধু অ্যাভিনিউয়ে আওয়ামী লীগ কার্যালয়ের সামনে ১৪ দল আয়োজিত প্রতিবাদ সমাবেশে নেতারা এ কথা বলেন।

ভূমিমন্ত্রী ও আওয়ামী লীগের উপদেষ্টামণ্ডলীর সদস্য আমির হোসেন আমু বলেন, খালেদা জিয়া যে যুদ্ধাপরাধীদের দোসর, কাদের মোল্লার ফাঁসিতে পাকিস্তানের নিন্দা প্রস্তাবের পর তাঁর নিশ্চুপ থাকা তা প্রমাণ করেছে।

আওয়ামী লীগের উপদেষ্টা পরিষদের সদস্য সুরঞ্জিত সেনগুপ্ত বলেন, ‘ভারতের নির্বাচনে কোনো দেশের পর্যবেক্ষক লাগে না। যুক্তরাষ্ট্র, যুক্তরাজ্যের নির্বাচনেও পর্যবেক্ষক যায় না। আমাদের দেশেও সুষ্ঠু নির্বাচন হবে। কারও পর্যবেক্ষণের দরকার নেই।’

সুরঞ্জিত সেন বিরোধীদলীয় নেত্রী খালেদা জিয়ার উদ্দেশ্যে বলেন, বাইরের চাপ দিয়ে শেখ হাসিনাকে কিছু করতে পারবেন না। তিনি আরও বলেন, ‘আমি বলেছিলাম, বাঘে ধরলে বাঘে ছাড়ে, শেখ হাসিনা ধরলে ছাড়ে না।’ এ সময় মঞ্চে উপস্থিত রাশেদ খান মেনন ও তোফায়েল আহমেদের নাম উল্লেখ করে তিনি বলেন, ‘দেখেন নাই, তাঁরা মন্ত্রিত্ব নিতে চায় নাই? কিন্তু তাঁদের নেওয়াইয়া ছাড়ছে। এটার নাম শেখ হাসিনা।’

নির্বাচনে পর্যবেক্ষকের প্রয়োজন নেই মন্তব্য করে ওয়ার্কার্স পার্টির সভাপতি ডাক ও টেলিযোগাযোগমন্ত্রী রাশেদ খান মেনন বলেন, জনগণই যথেষ্ট। জনগণই পর্যবেক্ষণ করবে।

তথ্যমন্ত্রী হাসানুল হক ইনু খালেদা জিয়াকে উদ্দেশ করে বলেন, সমঝোতা চাইলে যুদ্ধাপরাধী ও জামায়াতিদের সঙ্গে সম্পর্ক ছাড়ুন, সন্ত্রাস বর্জন করুন।

৫ জানুয়ারির পর শেখ হাসিনার নেতৃত্বে তৃতীয়বারের মতো ‘জনগণের সরকার’ গঠন করা হবে, বলেন মোহাম্মদ নাসিম।

কেন্দ্রীয় ১৪ দলের সমন্বয়ক ও আওয়ামী লীগের সভাপতিমণ্ডলীর সদস্য সৈয়দা সাজেদা চৌধুরীর সভাপতিত্বে অনুষ্ঠিত সমাবেশে আরও বক্তব্য দেন দিলীপ বড়ুয়া, নুরুর রহমান সেলিম, ওয়াজেদুল ইসলাম, অসিত বরণ রায়, মাহবুব উল আলম হানিফ, খালিদ মাহমুদ চৌধুরী, মোফাজ্জল হোসেন চৌধুরী মায়াসহ ১৪ দলের কেন্দ্রীয় ও নগর নেতারা। সমাবেশ শেষে একটি প্রতিবাদ মিছিল বের হয়ে নূর হোসেন চত্বর হয়ে মুক্তাঙ্গনে গিয়ে শেষ হয়। এ সময় ব্যাপক যানজটের সৃষ্টি হয়।