বাংলাদেশে নিযুক্ত মার্কিন রাষ্ট্রদূত ড্যান ডব্লিউ মজীনা বলেছেন, বাংলাদেশের চলমান রাজনৈতিক সংকট উত্তরণে বিদেশিদের হাতে কোনো জাদুর কাঠি নেই। এই শীর্ষ মার্কিন কূটনীতিক গতকাল সোমবার পররাষ্ট্র মন্ত্রণালয়ে সাংবাদিকদের কাছে এ মন্তব্য করেন। তিনি এদিন দুপুরে পররাষ্ট্রসচিব মো. শহীদুল হকের সঙ্গে তাঁর দপ্তরে বৈঠক করেন। পররাষ্ট্রসচিবের সঙ্গে মার্কিন রাষ্ট্রদূত বেলা দেড়টা থেকে তিনটা পর্যন্ত বৈঠক করেন। তাঁদের এ আলোচনায় দুই দেশের মধ্যকার নিরাপত্তা সহযোগিতা, মার্কিন বাজারে বাংলাদেশি পণ্যের বিশেষ অগ্রাধিকারমূলক বাজারসুবিধা (জিএসপি), দুই দেশের আসন্ন নিরাপত্তা ও অংশীদারি সংলাপসহ পারস্পরিক স্বার্থসংশ্লিষ্ট বিভিন্ন বিষয়ে আলোচনা হয়েছে বলে মজীনা সাংবাদিকদের অবহিত করেন। সাংবাদিকেরা ড্যান ডব্লিউ মজীনার কাছে জানতে চান, বাংলাদেশের চলমান সংকট থেকে উত্তরণে তিনি সংলাপের ওপর গুরুত্ব দিচ্ছেন। কিন্তু রাজপথে সংঘাত ও সহিংসতা অব্যাহত আছে। এ থেকে বের হওয়ার উপায় কী? মজীনা বলেন, ‘প্রশ্নটি বিদেশিদের না করে আপনাদের নিজেদেরই করা উচিত। বাংলাদেশ একটি পথ খুঁজে নেবে বলে আমি যথেষ্ট আশাবাদী। বাংলাদেশ যখন একটি অবাধ, নিরপেক্ষ ও বিশ্বাসযোগ্য নির্বাচনের পথ খুঁজে পাবে, তখন অনেক বন্ধুই খুশি হবে। তবে পথটা কিন্তু আপনাদেরই দেখাতে হবে। কারণ, বিদেশিদের হাতে জাদুর কাঠি নেই।’ জামায়াতে ইসলামীর সহিংসতা প্রসঙ্গে দৃষ্টি আকর্ষণ করা হলে মার্কিন রাষ্ট্রদূত বলেন, ‘যে রাজনৈতিক সহিংসতা চলছে, তা কোনোভাবেই গ্রহণযোগ্য নয়। আমি বিশ্বাস করি, দেশের সব নাগরিকের শান্তিপূর্ণ উপায়ে মত প্রকাশের স্বাধীনতা রয়েছে। তবে মানুষকে খুন করা আর সহিংসতা সৃষ্টি করার অধিকার তাদের নেই।’ যুক্তরাষ্ট্রের বাজারে বাংলাদেশের জিএসপি সুবিধা অব্যাহত রাখা প্রসঙ্গে মজীনা বলেন, ‘গত সপ্তাহে ওয়াশিংটনে শুনানিতে বাংলাদেশকে দেড় শতাধিক প্রশ্নের জবাব দিতে হয়েছে। কোনো কোনো প্রশ্নের আরও সুনির্দিষ্ট জবাব বাঞ্ছনীয়। এ সপ্তাহের শেষে ওই শুনানির ভাষ্য প্রকাশ করা হবে। তখন এটি পুঙ্খানুপুঙ্খভাবে দেখে কঠিন প্রশ্নগুলোর সুস্পষ্ট উত্তর দিতে বাংলাদেশকে উৎসাহিত করব। আমি চাই বাংলাদেশ এ ক্ষেত্রে তার অবস্থান সুস্পষ্টভাবে তুলে ধরুক। আমি আশা করব, জিএসপির শুনানিতে যেসব উদ্বেগ তুলে ধরা হয়েছে, তা দূর করতে বাংলাদেশ যথোপযুক্ত পদক্ষেপ নেবে।’ মজীনা জানান, ৯ এপ্রিল ওয়াশিংটনে অনুষ্ঠেয় নিরাপত্তা সংলাপ, সংলাপের আলোচ্যসূচি ও নিরাপত্তা সহযোগিতা নিয়ে পররাষ্ট্রসচিবের সঙ্গে তাঁর আলোচনা হয়েছে। মার্কিন রাষ্ট্রদূত বলেন, এবারকার নিরাপত্তা সংলাপে বাংলাদেশে নিরাপত্তা প্রশিক্ষণবিষয়ক জাতীয় একাডেমি প্রতিষ্ঠার বিষয়ে আলোচনা হবে। প্রস্তাবটি যুক্তরাষ্ট্রের নয়, বাংলাদেশের। তবে প্রস্তাবটি ভালো। প্রস্তাবিত একাডেমিতে পুলিশ, কোস্টগার্ড, বিজিবি এমনকি সেনাসদস্যদের আইনশৃঙ্খলা রক্ষার বিষয়ে প্রশিক্ষণ দেওয়া হবে। এ ধরনের প্রশিক্ষণে অংশ নেওয়ার সুযোগ পেলে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যরা একে অন্যের সম্পর্কে ভালোভাবে জানতে পারবেন। যুক্তরাষ্ট্রের সপ্তম নৌবহরের প্রধান ভাইস অ্যাডমিরাল স্কট এইচ সুইফটের আসন্ন ঢাকা সফরের উদ্দেশ্য কী জানতে চাইলে মজীনা বলেন, ‘এরিয়া অব রেসপনসিবিলিটিস’-এর (এওআর) অংশ হিসেবে তিনি সব সময় বিভিন্ন দেশ সফর করেন। তিনি চট্টগ্রামে যাবেন এবং নৌঘাঁটি পরিদর্শন করবেন।’পররাষ্ট্রসচিব মো. শহিদুল হক সাংবাদিকদের বলেন, আসন্ন নিরাপত্তা সংলাপ, অংশীদারি সংলাপের বিষয়গুলো নিয়ে মার্কিন রাষ্ট্রদূতের সঙ্গে আলোচনা হয়েছে। সাংবাদিকদের প্রশ্নের উত্তরে পররাষ্ট্রসচিব বলেন, সম্প্রতি তাঁর যুক্তরাষ্ট্র সফরে আগামী নির্বাচন নিয়েও আলোচনা হয়েছে। তিনি অবাধ, সুষ্ঠু ও অংশগ্রহণমূলক নির্বাচন অনুষ্ঠানে সরকারের অঙ্গীকারের কথা বলেছেন।