বিদেশিরা পাহাড়কে অশান্ত করছে: সাজেদা চৌধুরী

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

পার্বত্য চট্টগ্রামে সক্রিয় বিদেশি উন্নয়ন সংস্থাগুলোর ভূমিকার সমালোচনা করেছেন জাতীয় সংসদ উপনেতা সৈয়দা সাজেদা চৌধুরী। তাঁর অভিযোগ, এসব বিদেশি পাহাড়ের শান্ত পরিবেশকে অশান্ত করছে।গতকাল বাংলাদেশ ইনস্টিটিউট অব ইন্টারন্যাশনাল অ্যান্ড স্ট্র্যাটেজিক স্টাডিজ (বিআইআইএসএস) আয়োজিত ‘ফিরে দেখা পার্বত্য চট্টগ্রাম চুক্তি’ (সিএইচটি-রিভিজিটিং দ্য পিস অ্যাকোর্ড) শীর্ষক এক সেমিনারে সাজেদা চৌধুরী এই অভিযোগ করেন। একই সঙ্গে তিনি চুক্তি বাস্তবায়নে পাহাড় ও সমতলের সব রাজনৈতিক দলের সহযোগিতা চেয়েছেন।রাজধানীর বিআইআইএসএস কার্যালয়ে অনুষ্ঠিত এ সেমিনারে প্রধান অতিথি ছিলেন পার্বত্য চুক্তি বাস্তবায়ন পর্যবেক্ষণ কমিটির আহ্বায়ক সাজেদা চৌধুরী। তিনি বলেন, ‘ওখানে (পার্বত্য চট্টগ্রামে) অনেক রকম পলিটিকস ঢুকে গেছে। অনেক গ্রুপ সেখানে। ইংলিশ, জার্মানিরা ওখানে যাচ্ছে। তারা বড় ব্যথিত পাহাড়িদের জন্য। আসলে পাহাড়ে রাস্তা করে বিপদ হইছে।’ সাজেদা চৌধুরীর দাবি, আগে পাহাড়িরা ভালো ছিল। তেমন কিছু বুঝত না। ওদের টাকা দিয়ে, নানা প্রলোভন দেখাচ্ছে বিদেশিরা।বিআইআইএসএসর মহাপরিচালক মেজর জেনারেল মুহাম্মদ ইমরুল কায়েসের সভাপতিত্বে সেমিনারে মূল প্রবন্ধ পড়েন মেজর জেনারেল আসহাব উদ্দিন। তিনি বলেন, দু-একটি বিচ্ছিন্ন ঘটনা ছাড়া পার্বত্য চুক্তির পর পাহাড়ের নিরাপত্তা, রাজনৈতিক ও সামাজিক পরিস্থিতির দৃশ্যমান উন্নতি হয়েছে। পাহাড়ে বর্তমানে সেনাবাহিনীর চালানো ‘অপারেশন উত্তরণকে’ পুরোপুরি সামরিক কর্মসূচি নয় বলে দাবি করেন তিনি। মেজর জেনারেল আসহাব পার্বত্য চট্টগ্রামের সমস্যা সমাধানে সেখানকার জনপ্রশাসন ও আধাসামরিক বাহিনীর মানোন্নয়ন, আঞ্চলিক পরিষদ ও জেলা পরিষদগুলোর নির্বাচন, পার্বত্য ভূমি কমিশনকে আরও কার্যকর করাসহ একগুচ্ছ প্রস্তাব দেন। পাশাপাশি পাহাড়ে কর্মরত আন্তর্জাতিক ও স্থানীয় বেসরকারি সংস্থগুলোর (এনজিও) কার্যক্রম নিয়ন্ত্রণের ওপর গুরুত্বারোপ করেন।সেমিনের আরও বক্তব্য দেন ডেইলি স্টার-এর প্রতিরক্ষাবিষয়ক সম্পাদক ব্রিগেডিয়ার জেনারেল (অব.) শাহেদুল আনাম খান, সাবেক সেনাপ্রধান হারুন-উর-রশীদ, সাবেক রাষ্ট্রদূত শামীম আহমেদ প্রমুখ।