বিদেশে অর্থ পাচারের তথ্য সরকারের কাছে নেই

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

বিদেশে অর্থ পাচারের তথ্য সরকারের কাছে নেই। গতকাল মঙ্গলবার সংসদের প্রশ্নোত্তর পর্বে এ তথ্য জানিয়েছেন অর্থমন্ত্রী আবুল মাল আবদুল মুহিত।
ফরিদুল হক খানের এ-সম্পর্কিত প্রশ্নের জবাবে অর্থমন্ত্রী বলেন, বিদেশে অর্থ পাচার রোধে বাংলাদেশ ফিন্যান্সিয়াল ইন্টিলিজেন্স ইউনিট (বিএফআইইউ) কার্যকর রয়েছে। তবে, বাংলাদেশ থেকে বিদেশে মোট কী পরিমাণে অর্থ পাচার হয়েছে, এ তথ্য ওই ইউনিটে বর্তমানে নেই। এ বিষয়ে বিভিন্ন দেশের সঙ্গে সমঝোতা স্মারক সইয়ের চেষ্টা অব্যাহত আছে। সমঝোতা স্মারক সম্পাদিত হলে অর্থ পাচার-সম্পর্কিত তথ্য পাওয়ার সম্ভাবনা তৈরি হবে।
জাতীয় পার্টির সাংসদ সেলিম উদ্দিনের প্রশ্নের জবাবে অর্থমন্ত্রী বলেন, জাতীয় বেতন স্কেলের আওতাভুক্ত সরকারি কর্মকর্তা-কর্মচারীদের জন্য গঠিত ‘বেতন ও চাকরি কমিশন ২০১৩’-এর প্রতিবেদন আগামী ১৫ ডিসেম্বরের মধ্যে পাওয়া যাবে। প্রতিবেদনটি পাওয়ার পর তা দ্রুত বাস্তবায়ন করা হবে।
বেসিক ব্যাংকের টাকা লুট হওয়া সম্পর্কে তাহজীব আলম সিদ্দিকী ও পীর ফজলুর রহমানের সম্পূরক প্রশ্নের জবাবে অর্থমন্ত্রী মুহিত বলেন, বিষয়টি প্রাসঙ্গিক নয়।
এনামুর রহমানের সম্পূরক প্রশ্নের জবাবে মন্ত্রী বলেন, সুদের হার ব্যাংকগুলো নির্ধারণ করে থাকে। ব্যবসায়ীরা যখন ঋণের জন্য যান, তখন বলেন, সুদের হার কমানো হোক। আর তাঁরাই যখন ব্যাংকের পরিচালক হয়ে যান, তখন সুদের হার কমাতে চান না।
ফজিলাতুন্নেসা বাপ্পীর প্রশ্নের জবাবে অর্থমন্ত্রী মুহিত বলেন, সেপ্টেম্বর ২০১৪ ভিত্তিক সিআইবি ডেটাবেইজে সংরক্ষিত তথ্য মতে, তারেক রহমান ও আরাফাত রহমান তাঁদের ব্যবসায়িক প্রতিষ্ঠান ড্যান্ডি ডাইংয়ের নামে রাষ্ট্র মালিকানাধীন সোনালী ব্যাংক থেকে নেওয়া বকেয়া ঋণ স্থিতির পরিমাণ ৪০ কোটি ১৪ লাখ দুই টাকা।
নিজাম উদ্দিন হাজারীর প্রশ্নের জবাবে অর্থমন্ত্রী জানিয়েছেন, গত ২০১৩-১৪ অর্থবছরে দাতা দেশ ও সংস্থা থেকে মোট ৪৫ হাজার ৩৭৫ কোটি টাকা ঋণ ও অনুদানের প্রতিশ্রুতি পাওয়া গেছে। এর মধ্যে ঋণের পরিমাণ হচ্ছে ৪১ হাজার ৪৯২ কোটি এবং অনুদান তিন হাজার ৮৮৪ কোটি টাকা।
ফরিদুল হক খানের প্রশ্নের জবাবে সংসদ কাজে ডাক ও টেলিযোগ মন্ত্রণালয়ের দায়িত্বপ্রাপ্ত মন্ত্রী ওবায়দুল কাদের বলেন, ভিওআইপির অবৈধ কর্মকাণ্ড প্রতিরোধে চলতি বছরের অক্টোবর পর্যন্ত ৪৪ লাখ ১৭ হাজার ৯৫২টি মোবাইল সিম বন্ধ করা হয়েছে। এ বিষয়ে বিটিআরসি ৭৪টি
মামলা করেছে। এর মধ্যে ২০টি মামলার রায় হয়েছে, যার মধ্যে ১৮টির রায় বিটিআরসির পক্ষে হয়েছে।
এম আবদুল লতিফের প্রশ্নের জবাবে ওবায়দুল কাদের বলেন, যুক্তরাষ্ট্র, যুক্তরাজ্য, অস্ট্রেলিয়া, ডেনমার্ক, জার্মানি, কানাডাসহ বিশ্বের ৫০টির বেশি দেশে বাংলাদেশের তৈরি সফটওয়্যার ও আইটি সেবা রপ্তানি করা হচ্ছে।