বিদেশে আটকে রেখে দেশে মুক্তিপণ দাবি, আটক দুই

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

ইরানে আটকে রেখে দেশে থাকা স্বজনদের কাছে মুক্তিপণ দাবি করার ঘটনায় দুই ব্যক্তিকে আটক করেছেন র‌্যাপিড অ্যাকশন ব্যাটালিয়নের (র‌্যাব-৯) সদস্যরা। আটক দুই ব্যক্তিকে ‘আন্তর্জাতিক অপহরণকারী’ চক্রের সদস্য উল্লেখ করে র‌্যাব-৯-এর দপ্তরে গতকাল শনিবার সংবাদ সম্মেলনে ঘটনার বর্ণনা দেওয়া হয়। আটক দুই ব্যক্তি হলেন হবিগঞ্জের নোয়াখাল গ্রামের মো. আশিকুল ইসলাম (২৯) ও নবীগঞ্জের শ্রীমতপুর গ্রামের মো. আকলুছ মিয়া (৩০)। দুজনের কাছ থেকে তিন লক্ষাধিক টাকাসহ আরও প্রায় অর্ধ কোটি টাকা নেওয়ার রসিদ উদ্ধার করেছে র‌্যাব।সংবাদ সম্মেলনে র‌্যাব জানায়, গত শুক্রবার রাতে র‌্যাব-৯-এর একটি দল গোপন সংবাদের ভিত্তিতে সিলেটের দক্ষিণ সুরমার কদমতলী এস এ পরিবহনে অভিযান চালায়। এ সময় চট্টগ্রাম জেলার আনোয়ারা থানার একটি মামলার (নম্বর ১৯, ধারা ৩৬৫/৩৮৭/১০৯) দুজন আসামি মো. আশিকুল ইসলাম ও মো. আকলুছ মিয়াকে আটক করা হয়। তাঁদের কাছে তিন লাখ ৩৮ হাজার টাকা ও ৪১ লাখ ৬৫ হাজার টাকা তোলার রসিদ পাওয়া যায়। টাকা তোলার রসিদের সূত্র ধরে ‘আন্তর্জাতিক অপহরণকারী’ বলে দুজনকে শনাক্ত করা হয়। গতকাল সংবাদ সম্মেলনে দুজনকে উপস্থিত রেখে ঘটনার বর্ণনা দেয় র‌্যাব। র‌্যাব জানায়, একটি চক্রের দুজন সদস্য মাত্র তাঁরা।চট্টগ্রামের আনোয়ারার বাসিন্দা আবদুল আলিমকে অবৈধ পথে গ্রিসে নেওয়ার কথা বলে তাঁকে ইরানে আটকে রেখে দেশে থাকা স্বজনদের খবর দেওয়া হয়। ইরানে আশিকুলের এক ভাই নজরুল ইসলাম আলিমকে আটকে রাখেন। চক্রের সদস্য হিসেবে আশিকুল মুক্তিপণের টাকা সংগ্রহে নামেন।র‌্যাব জানায়, মামলার সূত্র ধরে আশিকুল ও আকলুছকে আটক করতে সক্ষম হলেও ধারণা করা হচ্ছে, দেশ-বিদেশে এ চক্রের আরও সদস্য রয়েছে। সংবাদ সম্মেলনে জানানো হয়, পুরো চক্রকে ধরতে র‌্যাব ইরানের দূতাবাস ও ইন্টারপোলের সহায়তা নেওয়ার প্রস্তুতি শুরু করেছে। সংবাদ সম্মেলনে উপস্থিত করা দুজন মুক্তিপণ আদায় করার কথা স্বীকার করেন। আশিকুল জানান, তাঁরা প্রথমে দুবাই থেকে লোকজনকে গ্রিসে নেবেন বলে ওমানে নিয়ে যান। এরপর সেখান থেকে ইরান ও তুরস্ক হয়ে শেষে গ্রিসে পৌঁছে দেন। এ সময় দেশে থাকা আত্মীয়দের কাছে অপহরণের কথা বলে মুক্তিপণ দাবি করেন।