বিদেশে এক কোটি লোকের কর্মসংস্থান করার লক্ষ্যমাত্রা
আগামী ১০ বছরের মধ্যে দেশের প্রায় এক কোটি লোকের বিদেশে কর্মসংস্থান করার লক্ষ্যমাত্রা নির্ধারণ করেছে প্রবাসীকল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রণালয়। গতকাল বৃহস্পতিবার এই মন্ত্রণালয়-সম্পর্কিত সংসদীয় কমিটির বৈঠকে মন্ত্রণালয়ের পক্ষ থেকে এ তথ্য জানানো হয়।জাতীয় সংসদ ভবনে অনুষ্ঠিত এই বৈঠকে কমিটি এ-সংক্রান্ত লক্ষ্যমাত্রা অর্জনের ক্ষেত্রে বিদ্যমান সমস্যা চিহ্নিত করে তা দূর করার সুপারিশ করেছে।সংসদ সচিবালয়ের সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে, ২০১২ সালের জানুয়ারি থেকে এপ্রিল পর্যন্ত দুই লাখ ৪৯ হাজার ৪৫৬ জন কর্মীর বিদেশে কর্মসংস্থান হয়েছে। একই সময়ে রেমিট্যান্স এসেছে চার হাজার ৫৪৫ দশমিক ৪৮ মিলিয়ন মার্কিন ডলার। এ বছর সর্বমোট সাড়ে সাত লাখ কর্মী বিদেশে পাঠানো সম্ভব হবে। কমিটির সভাপতি আনিসুল ইসলাম মাহমুদের সভাপতিত্বে বৈঠকে কমিটির সদস্য বৈদেশিক কর্মসংস্থানমন্ত্রী খন্দকার মোশাররফ হোসেন, ইসহাক হোসেন তালুকদার, এ বি এম আবুল কাসেম, শাহাব উদ্দিন এবং এ এ মারুফ সাকলাইন অংশ নেন।