বিদেশে কর্মী পাঠানো বেড়েছে ৩৬ শতাংশ
প্রবাসীকল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থানমন্ত্রী নুরুল ইসলাম বলেছেন, ২০১৬ সালে বিশ্বের বিভিন্ন দেশে ৭ লাখ ৫৭ হাজার ৭৩১ জন কর্মীর কর্মসংস্থান হয়েছে। এই সংখ্যা আগের বছরের তুলনায় ৩৬ দশমিক ৩১ শতাংশ বেশি। বিদেশে লোক পাঠাতে বাড়তি অর্থ লাগার বিষয়টি মানতে চাননি তিনি।
গতকাল রোববার প্রবাসীকল্যাণ মন্ত্রণালয়ে আয়োজিত সংবাদ সম্মেলনে বাংলাদেশের প্রচলিত শ্রমবাজারে আটকে থাকার বিষয়টি উঠে আসে। সংবাদ সম্মেলনে সাংবাদিকেরা মন্ত্রীর কাছে জানতে চান, সৌদি আরবে যাওয়ার জন্য সরকার ১ লাখ ৬৫ হাজার টাকা নির্ধারণ করলেও বাস্তবে ৩ থেকে ৮ লাখ টাকা পর্যন্ত লাগছে। এ বিষয়ে মন্ত্রণালয় কী করছে? উত্তরে মন্ত্রী বলেন, ‘আমরা এমন কোনো অভিযোগ পাইনি। অভিযোগ পেলেই ব্যবস্থা নেওয়া হবে।’
অভিযোগ উঠেছে, দুই দেশের মধ্যস্বত্বভোগী এবং মন্ত্রণালয়কেন্দ্রিক একটি চক্রের ঘুষ-বাণিজ্যের কারণেই এমন খরচ বাড়ছে। এ বিষয়ে কী বলবেন জানতে চাইলে মন্ত্রী বলেন, ‘এমন কোনো চক্রের কথা আমার জানা নেই। আর কেউ লিখিত অভিযোগও করেনি।’
শুধু সৌদি আরব নয়, বাংলাদেশ থেকে যেকোনো দেশে যেতেই ২ থেকে ৬ লাখ টাকা লাগে। মন্ত্রণালয়ের গঠিত টাস্কফোর্স বিভিন্ন সময় এমন প্রতিবেদন পেয়েছে। তারপরও সরকার কেন অভিযোগ অস্বীকার করছে, কেনই বা কাগজে ১৭ হাজার বা ১ লাখ ৬৫ হাজার টাকা লিখছে? এমন প্রশ্নের জবাবে মন্ত্রী বলেন, ‘আমাদের কাছে কেউ অভিযোগ করেনি। আমাদের তথ্য অনুযায়ী ১ লাখ ৬৫ হাজার টাকায় লোক যাচ্ছে।’ ১ লাখ ৬৫ হাজার টাকায় কোন প্রতিষ্ঠান লোক পাঠাচ্ছে জানতে চাইলে মন্ত্রী এ পর্যায়ে আর কোনো উত্তর না দিয়েই সংবাদ সম্মেলন থেকে চলে যান।
এ সময় সংবাদ সম্মেলনে উপস্থিত ছিলেন প্রবাসীকল্যাণ মন্ত্রণালয়ের সচিব বেগম শামছুন নাহার, অতিরিক্ত সচিব জাবেদ আহমেদ, জনশক্তি, কর্মসংস্থান ও প্রশিক্ষণ ব্যুরোর (বিএমইটি) মহাপরিচালক সেলিম রেজা, ওয়েজ আর্নার্স কল্যাণ বোর্ডের মহাপরিচালক গাজী মোহাম্মদ জুলহাস প্রমুখ।
পরে প্রবাসীকল্যাণসচিব বেগম শামছুন নাহারের কাছেও জানতে চাওয়া হয় কারা সৌদি আরবে ১ লাখ ৬৫ হাজার টাকায় লোক পাঠাচ্ছে? সচিব বলেন, ‘আমরা তো বলব সবাই এই টাকায় পাঠাচ্ছে। তবে এটা ঠিক, দুই প্রান্তেই মধ্যস্বত্বভোগী আছে। তাদের কারণেই খরচ বাড়ছে। আমরা তাদের তালিকা করছি।’