বিদেশে কর্মী পাঠানোর হার বাড়ছে: মন্ত্রী
প্রবাসী কল্যাণমন্ত্রী মোশাররফ হোসেন বলেছেন, মহাজোট সরকারের সময়োপযোগী বিভিন্ন পদক্ষেপের ফলে বিদেশে কর্মী পাঠানোর হার দিন দিন বাড়ছে। গতকাল বুধবার বঙ্গবন্ধু আন্তর্জাতিক সম্মেলনকেন্দ্রে আন্তর্জাতিক অভিবাসন দিবস উপলক্ষে আয়োজিত অনুষ্ঠানে তিনি এ কথা বলেন।
মন্ত্রী বলেন, জোট সরকারের সময়ে ৯৭টি দেশে কর্মী পাঠানো হতো। এখন ১৫৭টি দেশে কর্মী পাঠানো হচ্ছে। তাদের সময়ে বাংলাদেশ থেকে ১৩ লাখ কর্মী বিদেশে পাঠানো হয়েছিল। এ সরকারের সময়ে পাঠানো হয়েছে ২৪ লাখ। বর্তমানে দেশের জিডিপিতে প্রবাসীদের রেমিট্যান্সের অবদান ১২ শতাংশ। ফলে বৈদেশিক মুদ্রার রিজার্ভ অতীতের সব রেকর্ড ভেঙে ১৭ বিলিয়ন মার্কিন ডলার অতিক্রম করেছে।
অনুষ্ঠানে পররাষ্ট্রমন্ত্রী আবুল হাসান মাহমুদ আলী বলেন, অভিবাসীদের সার্বিক কল্যাণ নিশ্চিত করায় এই প্রক্রিয়াকে জবাবদিহিমূলক কাঠামোর মধ্যে আনার কোনো বিকল্প নেই। সরকার সেই লক্ষ্যে কাজ করে যাচ্ছে।
অনুষ্ঠানে আরও বক্তব্য দেন পররাষ্ট্রসচিব শহিদুল হক ও বিদেশ থেকে ফিরে আসা নারী কর্মী কানিজ ফাতেমা।