বিদেশে গিয়ে ৫৩৪ কিডনি প্রতিস্থাপন
বিশিষ্ট কিডনি রোগ বিশেষজ্ঞ ও কিডনি ফাউন্ডেশনের প্রতিষ্ঠাতা অধ্যাপক হারুন অর রশিদ বলেছেন, এ পর্যন্ত দেশে ১ হাজার ৪৭৪টি কিডনি প্রতিস্থাপন করা হয়েছে। আর দেশের মানুষ বিদেশে গিয়ে প্রতিস্থাপন করেছে এমন ঘটনা ৫৩৪টি।
আজ বৃহস্পতিবার বিকেলে বিশ্ব কিডনি দিবস উপলক্ষে আয়োজিত ‘বাংলাদেশে কিডনি ট্রান্সপ্লান্ট: অতীত, বর্তমান ও ভবিষ্যৎ’ শীর্ষক অনুষ্ঠানে হারুন অর রশিদ এ কথা বলেন। রাজধানীর গণস্বাস্থ্য নগর হাসপাতালে এ অনুষ্ঠানের আয়োজন করে গণস্বাস্থ্যকেন্দ্র।
বেসরকারি প্রতিষ্ঠান সেন্টার ফর কিডনি ডিজিজেসের চিকিৎসক কামরুল ইসলাম বলেন, ‘কিডনি প্রতিস্থাপনের জন্য কিডনি দরকার। দেশে দেওয়ার মতো কিডনির খুবই অভাব। আইন কিডনি পাওয়ার ক্ষেত্রে বাধা হয়ে আছে।’
আইনে নিকট আত্মীয়ের (১২ জন) কিডনি প্রতিস্থাপন করার কথা আছে। একাধিক আলোচক বলেন, কে নিকটাত্মীয়, তা নিশ্চিত হওয়া চিকিৎসকের পক্ষে সম্ভব নয়। আইন পরিবর্তন করতে হবে, যেন সহজে কিডনি পাওয়া যায়।
গণস্বাস্থ্যকেন্দ্রের প্রতিষ্ঠাতা জাফরউল্লাহ চৌধুরী বলেন, দান করা মানুষের মৌলিক অধিকার। যেকোনো সুস্থ মানুষ কিডনি দান করতে পারবে, আইনে এমন বিধানই থাকা দরকার। আলোচনায় অংশ নিয়ে আইনজীবী মনজিল মোরসেদ বলেন, আইনের মাধ্যমে কিডনি দেওয়ার বিষয়টি অবারিত করা ঠিক হবে না। এতে দরিদ্র মানুষের কিডনি বিক্রির ঝুঁকি বাড়বে।