বিদেশে গিয়ে স্বপ্নভঙ্গ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

বিদেশে গিয়ে ভালো বেতনে চাকরি করে সংসারের অভাব দূর করতে চেয়েছিলেন। তাই প্রতিবেশী এক ব্যক্তি দুবাই যাওয়ার প্রস্তাব দিলে লুফে নেন তিনি। ভাগ্য বদলের আশায় তাঁর হাতে তুলে দেন প্রায় তিন লাখ টাকা। কিন্তু বিদেশে গিয়ে তাঁর স্বপ্ন ভেঙে যায়। ভাগ্য বদল তো দূরের কথা, সবকিছু হারিয়ে নিঃস্ব হয়ে ফিরেছেন। ভালো বেতনের বদলে সইতে হয়েছে নির্মম নির্যাতন। এই হতভাগ্য তরুণের নাম সাইফুল ইসলাম (২৮)। তাঁর বাড়ি রংপুরের তারাগঞ্জ উপজেলার জলুবর গ্রামে। সাইফুল জানান, দুবাই যাওয়ার জন্য জমি বেচে তিনি গত বছরের ১০ অক্টোবর আসামগঞ্জ গ্রামের আবদুল করিমকে দুই লাখ ৮০ হাজার টাকা দেন। ২৬ অক্টোবর তিনি দুবাই যান। করিম তাঁকে যে প্রতিষ্ঠানে কাজ দেওয়ার কথা বলেছিলেন, সেখানে দৈনিক ভিত্তিতে কাজ হয়। প্রতিদিনের মজুরি বাংলাদেশি টাকায় মাত্র ৬০০ টাকা। কাজ জুটলে টাকা পাওয়া যায়, না হলে নেই। মাসে সাত-আট দিনও ওই প্রতিষ্ঠানে কাজ হতো না। কিছুদিন পর কুমিল্লার বাসিন্দা আহাদ আলী নামের এক দালালের সঙ্গে তাঁর পরিচয় হয়। তিনি দৈনিক দুই হাজার টাকা বেতনে কাজ দেওয়ার কথা বলে তাঁর কাছ থেকে ৫০ হাজার টাকা নেন। এরপর তাঁকে আরেক প্রতারকের হাতে তুলে দেওয়া হয়। সেই প্রতারক তিনিসহ পাঁচজনকে সাগরপথে ইরানে নিয়ে যায়। সেখানে নেওয়ার পর তাঁদের জঙ্গলে একটি ঘরের মধ্যে বন্দী রেখে নির্যাতন চালানো হয়। সাইফুল আরও বলেন, ‘প্রায় এক মাস বন্দী থাকার পর এক রাতে কৌশলে আমি সেখান থেকে পালাই। দুই দিন হাঁটার পর ইরানের একটি শহরে পৌঁছাই। সেখানে আমিন উদ্দিন নামের এক বাংলাদেশির সঙ্গে আমার পরিচয় হয়। তিনি কষ্টের কথা শুনে আমাকে দেশে পাঠানোর ব্যবস্থা করেন। এ জন্য আমি আমার বাবার কাছ থেকে ৫০ হাজার টাকা এনে আমিন উদ্দিনকে দিই। আমি ১ জুলাই দেশে ফিরি।’ আবদুল করিম মুঠোফোনে বলেন, ‘আমি সাইফুলকে আমাদের ঢাকা অফিসের মাধ্যমে দুবাইয়ের যে কোম্পানিতে পাঠিয়েছিলাম, সেখানে তো সে কাজ পেয়েছিল। তিন মাসের মাথায় সে বাড়িতে ৬০ হাজার টাকা পাঠিয়েছিল। অন্য প্রতারকের খপ্পরে পড়ে সে প্রতারিত হলে এর দায় আমি নেব কেন?