বিদেশে ঘুরতে চাইলে ঢুঁ দিতে পারেন মেলায়

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
বাংলাদেশ ইন্টারন্যাশনাল ট্যুরিজম ফেয়ার-২০১৭-এ দর্শনার্থীরা বিভিন্ন প্রতিষ্ঠানের অফার দেখে নিচ্ছেন। ছবি: সাবিনা ইয়াসমিন
বাংলাদেশ ইন্টারন্যাশনাল ট্যুরিজম ফেয়ার-২০১৭-এ দর্শনার্থীরা বিভিন্ন প্রতিষ্ঠানের অফার দেখে নিচ্ছেন। ছবি: সাবিনা ইয়াসমিন

জুমানা মনোয়ার থাইল্যান্ড ও ইন্দোনেশিয়া যাবেন। তবে ভিসা ও টিকিটের ঝক্কি-ঝামেলা এড়াতে ট্যুর অপারেটরদের মাধ্যমেই কাজ সারতে চান। বাংলাদেশ ইন্টারন্যাশনাল ট্যুরিজম ফেয়ার-২০১৭-তে এসে নানান অফার দেখে নিচ্ছেন। কিছুটা ছাড়ও পাওয়া যাবে। 

গতকাল থেকে তিন দিনব্যাপী শুরু হয়েছে বাংলাদেশ ইন্টারন্যাশনাল ট্যুরিজম ফেয়ার-২০১৭। বঙ্গবন্ধু আন্তর্জাতিক সম্মেলন কেন্দ্রে বাংলাদেশ ফাউন্ডেশন ফর ট্যুরিজম ডেভেলপমেন্ট (বিএফটিডি) আয়োজিত এ মেলা সকাল ১০টা থেকে রাত ৮টা পর্যন্ত চলবে।
সকাল থেকে বৃষ্টির প্রভাবে দুপুরে দর্শনার্থী কিছুটা কম ছিল। তবে বিকেলের পরে তা বেড়েছে। ডানে-বাঁয়ে তাকালে নানান দেশে ঘুরে বেড়ানোর বিভিন্ন অফারের চমক চোখে পড়বে। দর্শনার্থীরাও এক স্টল থেকে আরেক স্টলে ঘুরে অফারের প্রচারপত্র সংগ্রহ করছেন। সিয়াম জামানের হাতভর্তি প্রচারপত্র। পেশায় ব্যাংকার সিয়াম বলেন, ‘অনেকগুলোই নিলাম। বাসায় গিয়ে খুঁটিয়ে খুঁটিয়ে দেখব। বন্ধুদের সঙ্গে কথা বলে সামনের ঈদে কোথাও যাওয়ার প্ল্যান করব।’
এ মেলায় অংশ নেওয়া ট্যুর অপারেটররা বলছেন, পর্যটনের প্রতি মানুষের আগ্রহ দিন দিন বাড়ছে। কসমস হলিডের বিক্রয় ও বিপণন বিভাগের নির্বাহী কর্মকর্তা আবু রায়হান প্রথম আলোকে বলেন, মানুষ আগে নির্দিষ্ট কয়েকটি দেশ ছাড়া কোথাও যেত না। এখন বিভিন্ন দেশে যাচ্ছে। তবে ঘোরার জন্য ভুটান, নেপাল ও ভারত পছন্দের শীর্ষে।
বিভিন্ন ট্যুর অপারেটর প্রতিষ্ঠান ছাড়াও উড়োজাহাজ ও বাসসেবা প্রদানকারী প্রতিষ্ঠানও আছে। দেশের বাইরের ট্যুর অপারেটরাও অংশ নিয়েছে এ মেলায়। হাকপা শেরিং তামাং এসেছেন আমিন ভুটান ট্যুরস অ্যান্ড ট্রেক প্রাইভেট লিমিটেডের প্রতিনিধি হিসেবে। ভুটানে এ দেশের মানুষ ঘুরতে যাচ্ছে। তাই এ নিয়ে চারবার তাঁর প্রতিষ্ঠান বাংলাদেশের মেলায় অংশ নিয়েছে।
তবে, এ মেলা মূলত বহির্গামী পর্যটকদের জন্য। পর্যটন করপোরেশন ও ট্যুরিজম বোর্ড ছাড়া অন্যরা দেশের বাইরে ঘোরার জন্য নানান তথ্য ও প্যাকেজের অফার দিচ্ছে। গুটিকয়েক স্টলে কক্সবাজার সেন্ট মার্টিনসহ অল্প কিছু জায়গার প্যাকেজ আছে।

বাংলাদেশ ইন্টারন্যাশনাল ট্যুরিজম ফেয়ার-২০১৭-এ দর্শনার্থীরা বিভিন্ন প্রতিষ্ঠানের অফার দেখে নিচ্ছেন। ছবি: সাবিনা ইয়াসমিন
বাংলাদেশ ইন্টারন্যাশনাল ট্যুরিজম ফেয়ার-২০১৭-এ দর্শনার্থীরা বিভিন্ন প্রতিষ্ঠানের অফার দেখে নিচ্ছেন। ছবি: সাবিনা ইয়াসমিন

মেলার আয়োজক বিএফটিডির নির্বাহী পরিচালক রেজাউল ইকরাম বলেন, ‘আমরা স্পনসর পাই না। বিভিন্ন মেলা করতে ট্যুরিজম বোর্ড অল্প কিছু টাকা দেয়। আজকাল হাডুডু, নৌকাবাইচ—সব আয়োজনেই স্পনসর আছে। কিন্তু এ শিল্পে নেই।’ তিনি আরও বলেন, দেশের ভেতরে ঘোরার জন্য পর্যটক বেড়েছে। তবে বিদেশি পর্যটক আসার পরিমাণ বাড়ছে না।
এবারের মেলায় ১০৬টি স্টল আছে। এর মধ্যে ভারত, নেপাল, চীন, ভুটান, মিয়ানমার, থাইল্যান্ড ও মালদ্বীপ থেকেও ট্যুর অপারেটর প্রতিষ্ঠান অংশ নিয়েছে। আগামীকাল শেষ হচ্ছে মেলা। মেলায় প্রবেশমূল্য ৩০ টাকা।