বিদেশে চাকরি করতে গিয়ে তাঁরা এখন নিঃস্ব

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

বিদেশে চাকরি করতে গিয়ে প্রতারণার শিকার হয়ে তিন ব্যক্তি এখন নিঃস্ব। তাঁরা পরিবার-পরিজন নিয়ে দুঃসহ জীবন যাপন করছেন।প্রতারিত ব্যক্তিরা হলেন বগুড়ার শেরপুর উপজেলার সুঘাট ইউনিয়নের চককল্যাণী গ্রামের আবদুর রশিদ (৩৫), সজীব হোসেন (২৬) ও সাইফুল ইসলাম (৪২)।২২ নভেম্বর চককল্যাণী গ্রামে গিয়ে জানা যায়, একই গ্রামের রেফাজ উদ্দিন খন্দকারের ছেলে আনিছুর রহমান ওই তিনজনকে তাঁর ছোট ভাই প্রবাসী সিরাজুল ইসলামের মাধ্যমে হোটেল বয় ও বাসাবাড়ির কাজের লোক হিসেবে ওমান পাঠান। তাঁদের প্রত্যেকের বেতন প্রতি মাসে ১৮ হাজার টাকা হবে বলেও জানানো হয়। হোটেল বয়ের চাকরির জন্য তিন লাখ টাকা এবং বাসাবাড়ির কাজের জন্য দুই লাখ ৭৫ হাজার টাকা করে দিতে হয়েছে। তাঁদের মধ্যে রশিদ ও সজীবকে ২৯ সেপ্টেম্বরে বিমানযোগে ওমানে পাঠানো হয়। কিন্তু তাঁরা চাকরি পাননি এবং ২৬ অক্টোবর তাঁদের ফিরে আসতে হয়। আর সাইফুল ইসলাম ১৬ আগস্ট গেলে একই কারণে তাঁকে দেশে ফিরতে হয় ৫ নভেম্বরে।আবদুর রশিদ বলেন, ‘আমি গ্রামেই দরজির কাজ করতাম। বিদেশে চাকরি করলে সংসারে সুখ আসবে, এই আশায় ধানি জমি বেচে দুই লাখ টাকা এবং বাড়ির দুটি হালের গরু বিক্রি করে ও সুদের ওপর এনে তিন লাখ টাকা আনিছুরকে দিই বিদেশে যাওয়ার দুই মাস আগে। এখন আমার সব শেষ।’সজীব হোসেন জানান, ওমানে যাওয়ার পর সিরাজুল বিমানবন্দর থেকে তাঁকে ‘হাই’ নামের একটি শহরে নিয়ে ঘরে বসিয়ে রাখেন। হোটেলের কাজে যেতে চাইলে নানা কথা বলতেন। তিনি খোঁজ নিয়ে জেনেছেন, যে মালিকের হোটেল বয় হিসেবে চাকরি দেওয়ার কথা বলে নেওয়া হয়েছে, তার কোনো হোটেল নেই।সাইফুল ইসলাম জানান, বাসাবাড়ির কাজের লোক হিসেবে ভিসা দিলেও তাঁকে গ্রামের একটি পশুর (দুম্বা, ছাগল ও উট) খামার দেখাশোনার কাজ দেওয়া হয়। দুই মাস তিনি কাজ করলেও তাঁকে দেওয়া হয় মাত্র ১২ হাজার টাকা। বেতনের অবশিষ্ট টাকা চাইলে সিরাজুল তাঁকে নানাভাবে ভয় দেখান।এ ব্যাপারে গত ২০ নভেম্বর গ্রামে সালিসি বৈঠক হয়। এই বৈঠকে আনিছুর রহমানও উপস্থিত ছিলেন। গ্রামের মাতব্বর টি এম গফুর জানান, ওই তিনজনকে হোটেল বয় ও বাসাবাড়ির কাজের লোক হিসেবে চাকরির কথা বলে টাকা নিলেও তাঁদেরকে ওই দেশের ভ্রমণ (ট্যুরিস্ট) ভিসায় নিয়ে যাওয়া হয়েছে।স্থানীয় ইউপি সদস্য রহমত আলী বলেন, ‘আনিছুর রহমান আদম ব্যবসায়ী। চাকরি দেওয়ার নাম করে গ্রামের ছেলেদের সঙ্গে প্রতারণা করেছেন। দরবারে আনিছুরকে ক্ষতিগ্রস্ত ব্যক্তিদের টাকা দ্রুত ফেরত দিতে বলা হয়েছে।’আনিছুর রহমান দাবি করেন, তাঁর মাধ্যমে অনেকেই বিদেশে গিয়ে কাজ করে টাকা রোজগার করছেন। কুমিল্লার জনৈক হোসেন আলীর মাধ্যমে ওমানের ভিসা পাওয়ার পর লোকজন পাঠিয়ে থাকেন। এ জন্য তাঁকে জনপ্রতি কমিশন হিসেবে দেওয়া হয় ১৫ থেকে ২০ হাজার টাকা।