বিদেশে চাকরি দেওয়ার নামে ২৫ লাখ টাকা আত্মসাৎ!

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

বিদেশে চাকরি দেওয়ার নাম করে দিনাজপুরের ১০ জন বেকার যুবকের কাছ থেকে একটি দালাল চক্রের সদস্যরা প্রায় ২৫ লাখ টাকা নিয়েছে বলে অভিযোগ পাওয়া গেছে।প্রতারণার শিকার যুবকেরা হলেন: নবাবগঞ্জ উপজেলার জগন্নাথপুর গ্রামের আবদুল জলিল, রামপুর গ্রামের মাহাবুর রহমান, ঘোড়ারপাড়ার মোসাদ্দেক হোসেন, চিলাপাড়ার রফিকুল ইসলাম, নন্দনপুর গ্রামের সাদেকুল ইসলাম ও জয়পুর গ্রামের মনোয়ার হোসেন চৌধুরী, চিরিরবন্দর উপজেলার আমতলীর আবদুল বারী এবং দিনাজপুর সদরের গোদাবাড়ী বাজারের নূর আলম, নবী ও হায়দার আলী।প্রতারণার শিকার আবদুল জলিলসহ অন্যরা অভিযোগ করেন, উপজেলার উত্তর শাহাবাজপুর গ্রামের খাদেমুল, তাঁর ছেলে মুশফিকুর ও জামাতা আকাশ মাহমুদ তাঁদের বিদেশে ভালো বেতনে চাকরি দেওয়ার কথা বলে প্রত্যেকের কাছ থেকে প্রায় আড়াই লাখ টাকা নেন। তাঁরাই পাসপোর্ট করিয়ে দেন। এরপর ২০০৯ সালের ১৭ ডিসেম্বর পাসপোর্ট, ভিসা ও টিকিট দিয়ে বিমানবন্দরে পাঠান। ইমিগ্রেশন কর্মকর্তারা ভিসা ও টিকিট জাল বলে শনাক্ত করে তাঁদের ফেরত পাঠান।’মনোয়ার হোসেন বলেন, ‘ইরাকে চাকরি দেওয়ার জন্য আকাশ মাহমুদকে দুই লাখ ৫০ হাজার টাকা দিয়েছি। নিজের জমিজমা বিক্রি করে এসব টাকা জোগাড় করেছি। অথচ বিদেশে যেতে না পেরে এখন পরিবার নিয়ে খুব কষ্টে আছি।’ নবাবগঞ্জের জয়পুর ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান আবদুর রাজ্জাক বলেন, ২০১০ সালের ৮ ডিসেম্বর এলাকার গণ্যমান্য ব্যক্তিদের উপস্থিতিতে সালিসে খাদেমুল, তাঁর ছেলে ও জামাতা বিদেশে চাকরি দেওয়ার জন্য আবদুল জলিল, মাহাবুর ও সাদেকুল ইসলামের কাছ থেকে ছয় লাখ ২০ হাজার টাকা নেওয়ার কথা স্বীকার করে তা ফেরত দেওয়ার অঙ্গীকার করেন। তবে তাঁরা আজও কোনো টাকা পরিশোধ করেননি।খাদেমুল ইসলাম বলেন, ‘আমরা কারও কাছ থেকে টাকা নেইনি। আমরা পরিস্থিতির শিকার। তবে বিদেশে লোক পাঠানোর নামে আকাশ মাহমুদ ১০-১২ জনের কাছ থেকে টাকা নিয়েছে বলে সবাই আমাদের কাছে অভিযোগ করেছে।’নবাবগঞ্জ থানার ভারপ্রাপ্ত পুলিশ কর্মকর্তা (ওসি) মো. মমিনুল ইসলাম প্রথম আলোকে বলেন, এখনো এ ধরনের কোনো অভিযোগ পাওয়া যায়নি। তবে অভিযোগ পেলে বিষয়টি খতিয়ে দেখা হবে।