বিদেশে চিকিৎসাধীন সৈয়দ আশরাফের মনোনয়ন বৈধ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

কিশোরগঞ্জ-১ (সদর-হোসেনপুর) আসনের আওয়ামী লীগের প্রার্থী বিদেশে চিকিৎসাধীন জনপ্রশাসনমন্ত্রী সৈয়দ আশরাফুল ইসলামের মনোনয়নপত্র বৈধ ঘোষণা করা হয়েছে।

তবে জেলা প্রশাসকের সম্মেলনকক্ষে গতকাল রোববার মনোনয়নপত্র বাছাই কার্যক্রমের সময় সৈয়দ আশরাফের হলফনামার স্বাক্ষর চ্যালেঞ্জ করে একই আসনের বিএনপি প্রার্থী ঢাকা বিভাগীয় সাবেক স্পেশাল জজ মো. রেজাউল করিম খান বলেন, কোনো প্রার্থীর স্বাক্ষর, হয় নোটারি পাবলিক, না হয় ম্যাজিস্ট্রেটের সামনে করার নিয়ম। এমনকি নোটারি পাবলিক বা ম্যাজিস্ট্রেট দেশের বাইরে দায়িত্ব পালন করতে পারেন না। তাই সৈয়দ আশরাফের হলফনামায় যে স্বাক্ষর রয়েছে, সেটা সঠিক নয়। তবে জবাবে রিটার্নিং কর্মকর্তা ও কিশোরগঞ্জের জেলা প্রশাসক মো. সারওয়ার মুর্শেদ চৌধুরী বলেন, নোটারি পাবলিক বা ম্যাজিস্ট্রেট ছাড়াও দূতাবাসের একজন কনস্যুলারের সামনেও স্বাক্ষর করলে চলে। সে ক্ষেত্রে প্রার্থিতা বৈধ হয়। সে জন্যই সৈয়দ আশরাফুল ইসলামের মনোনয়নপত্র বৈধ।

এ আসন থেকে ১৯৯৬ সাল থেকে পরপর চারবার আওয়ামী লীগের সাংসদ নির্বাচিত হন সৈয়দ আশরাফুল ইসলাম। আওয়ামী লীগের সাবেক এই সাধারণ সম্পাদক অসুস্থ থাকায় তিনি বিদেশে চিকিৎসাধীন। তাঁর অসুস্থতার কারণে দেশে অনুপস্থিত থাকায় এ আসন থেকে আওয়ামী লীগের বিকল্প প্রার্থী হিসেবে দলীয় মনোনয়নপত্র দেওয়া হয় প্রধানমন্ত্রীর রাজনৈতিক সহকারী কৃষিবিদ মসিউর রহমানকে। গতকালের বাছাইয়ে তাঁর মনোনয়নপত্রও বৈধ ঘোষণা করা হয়।

একই আসনে হেভিওয়েট ওই প্রার্থীর সঙ্গে বিকল্প হিসেবে আরেক প্রার্থী দেওয়ায় এ নিয়ে জনসাধারণের মধ্যে একধরনের ধোঁয়াশা কাজ করলেও এ ব্যাপারে বিকল্প প্রার্থী মসিউর বলেন, সৈয়দ আশরাফ অসুস্থ থাকায় দলের সিদ্ধান্তে বিকল্প প্রার্থী হিসেবে তিনিও দলীয় মনোনয়নপত্র জমা দিয়েছেন। তবে সৈয়দ আশরাফ যদি নির্বাচন করতে পারেন, তাহলে তিনি নির্বাচন না করে সৈয়দ আশরাফকে সব ধরনের সহযোগিতা করবেন। কারণ, সৈয়দ আশরাফ সম্মান ও আবেগের স্থানে অনেক ঊর্ধ্বে বলে মন্তব্য করেন মসিউর।

সৈয়দ আশরাফুল ফুসফুসের ক্যানসারে আক্রান্ত হওয়ায় বর্তমানে থাইল্যান্ডের একটি হাসপাতালে চিকিৎসাধীন। সে জন্য সংসদ থেকে তিন মাসের ছুটি নেন তিনি। তাঁর পক্ষে পরিবারের সদস্যরা গত বুধবার মনোনয়নপত্র জমা দেন। এর আগে গত সোমবার থাইল্যান্ডে গিয়ে মনোনয়নপত্রে চিকিৎসাধীন আশরাফের স্বাক্ষর নিয়ে আসেন পরিবারের সদস্যরা।