বিদেশে জাপানের কর্মীদের জন্য বুলেটপ্রুফ গাড়ি
বিদেশে থাকা জাপানের বিভিন্ন সহায়তা সংস্থার কর্মীদের নিরাপত্তার জন্য বুলেটপ্রুফ গাড়ি ও অন্যান্য উপকরণ দেওয়ার সিদ্ধান্ত নিচ্ছে দেশটির সরকার।
আজ মঙ্গলবার জাপান টুডে অনলাইনের এক খবরে বলা হয়েছে, গত ১ জুলাই গুলশানের হলি আর্টিজান বেকারি রেস্তোরাঁয় জঙ্গি হামলায় দুই পুলিশ কর্মকর্তাসহ ২৪ জন নিহত হন। নিহত ব্যক্তিদের মধ্যে জাপানের সাতজন নাগরিক ছিলেন। তাঁরা জাপান ইন্টারন্যাশনাল কো-অপারেশন এজেন্সির (জাইকা) হয়ে ঢাকার উন্নয়ন প্রকল্পে কাজ করতেন। এর পরিপ্রেক্ষিতে জাপান সরকার এ সিদ্ধান্ত নিচ্ছে।
জাপানের পররাষ্ট্র মন্ত্রণালয়ের একটি প্যানেল অন্তর্বর্তীকালীন প্রতিবেদনে বলেছে, তারা বিদেশে অবস্থানরত জাপানের কর্মীদের নিরাপত্তা জোরদার করতে সংশ্লিষ্ট দেশগুলোর সরকারের প্রতি আহ্বান জানানোর পরিকল্পনা করছে।
গতকাল সোমবার জাপানের পররাষ্ট্রমন্ত্রী ফুমিও কিশিদার কাছে ওই অন্তর্বর্তীকালীন প্রতিবেদন জমা দেওয়া হয়। দেশটির জ্যেষ্ঠ উপপররাষ্ট্রমন্ত্রী সেইজি কিহারা ওই প্রতিবেদন উপস্থাপন করেন। কিহারা বলেন, ‘সন্ত্রাসীরা এখন জাপানের নাগরিকদের টার্গেট করছে। এ কারণেই নিরাপত্তার জন্য যেকোনো মূল্যে আমাদের চিন্তাভাবনা পরিবর্তন করতে হবে।’
এ প্রসঙ্গে পররাষ্ট্রমন্ত্রী কিশিদা বলেন, বাংলাদেশসহ অন্যান্য উন্নয়নশীল দেশগুলোতে জাপান সহায়তামূলক কাজগুলো করে যেতে চায়। এ কারণে তিনি কাজের উপযুক্ত পরিবেশ সম্পর্কে নিশ্চিত হতে চান।