বিদেশে জিম্মি করে দেশে মুক্তিপণ আদায়, গ্রেপ্তার ৭

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

মানব পাচারের সঙ্গে জড়িত থাকার অভিযোগে ঢাকা ও পিরোজপুর থেকে সাতজনকে গ্রেপ্তার করেছে র্যা ব। তাঁদের বিরুদ্ধে বিদেশে বাংলাদেশিদের জিম্মি করে দেশ থেকে মুক্তিপণ আদায়ের অভিযোগও রয়েছে।
গতকাল শনিবার র্যা বের সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়। গ্রেপ্তার হওয়া ব্যক্তিরা হলেন আবদুল কাইয়ুম (৪৪), খোকন আহম্মেদ আজগর আলী (৩০), জাহাঙ্গীর আলম (৩০), নাসির উদ্দিন (৪০), ফারুকুল ইসলাম (৩১), রুবেল হাওলাদার (২৯) ও বাদল হাওলাদার (৩৫)।
গ্রেপ্তারের বিষয়ে জানাতে গতকাল র্যা ব-৩ কার্যালয়ে সংবাদ সম্মেলন করা হয়। সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়, গত ২৮ ফেব্রুয়ারি কনু মিয়া (৫৫) নামের সিলেটের এক কৃষক তাঁর ছেলেকে বিদেশে জিম্মি করে দেশে মুক্তিপণ আদায়ের অভিযোগ করেন। এতে বলা হয়েছে, উন্নত জীবনের প্রত্যাশায় কনু মিয়া তাঁর বড় ছেলে সমর আলীকে (২৫) বিদেশে পাঠাতে পাশের গ্রামের দিদার খাঁর সঙ্গে যোগাযোগ করেন। দিদার কনু মিয়াকে ঢাকায় কাইয়ুমের সঙ্গে যোগাযোগের পরামর্শ দেন। কাইয়ুমসহ তিনজন কনু মিয়ার ছেলেকে সাড়ে চার লাখ টাকায় লিবিয়া পাঠানোর প্রতিশ্রুতি দেন। সে অনুযায়ী কনু মিয়া বিমানবন্দরের একটি হোটেলে কাইয়ুমকে আড়াই লাখ টাকা দেন এবং বাকি টাকা সমর আলী বিদেশ যাওয়ার পর দেবেন বলে জানান। বিদেশ পাঠানোর দুই দিন পর একটা অপরিচিত ফোন নম্বর থেকে কনু মিয়ার ছেলে তাঁকে বলেন, কাইয়ুম তাঁকে সুদান পাঠিয়েছে এবং সেখানে তাঁকে মারধর করা হচ্ছে। সমর আলী তাঁর বাবাকে দ্রুত কাইয়ুমকে আরও আড়াই লাখ টাকা দিতে বলেন।
সে অনুযায়ী কনু মিয়া কয়েক কিস্তিতে কাইয়ুমকে ২ লাখ ৩৫ হাজার টাকা দেন। কিন্তু এরপরও কাইয়ুম কনু মিয়ার কাছে আরও এক লাখ টাকা দাবি করেন। না হলে সমর আলীকে হত্যা করা হবে বলে হুমকি দেন।
অভিযোগের প্রাথমিক সত্যতা পাওয়ায় ১২ মার্চ থেকে র্যা ব-৩-এর একটি দল ঢাকা ও পিরোজপুরের ভান্ডারিয়ায় অভিযান শুরু করে। গতকাল শনিবার অভিযানটি শেষ হয়।
র্যা বের বিজ্ঞপ্তিতে বলা হয়, ১৪ মার্চ র্যা ব জানতে পারে সমর আলী লিবিয়ার যুদ্ধবিধ্বস্ত বেনগাজিতে জিম্মি রয়েছেন। তাঁকে লিবিয়ায় বাংলাদেশ দূতাবাসের মাধ্যমে উদ্ধার করা হয়েছে। তাঁকে দেশে ফিরিয়ে আনার প্রক্রিয়া চলছে। পাশাপাশি গ্রেপ্তার হওয়া সাতজনের বিরুদ্ধে আইনি ব্যবস্থা নেওয়া হবে।