বিদেশে তৈরি পোশাকের দাম বাড়ানোর আহ্বান প্রধানমন্ত্রীর

বাংলাদেশের তৈরি পোশাক পণ্যের দাম বাড়াতে বিদেশি ক্রেতাদের আহ্বান জানিয়ে প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেছেন, এই অর্থ এই শিল্পের ৪০ লাখ শ্রমিকের অধিকতর কল্যাণে ব্যয় হবে।
নেদারল্যান্ডসের রাষ্ট্রদূত গারবেন ডি জং আজ বুধবার সকালে প্রধানমন্ত্রীর সঙ্গে তাঁর কার্যালয়ে বিদায়ী সাক্ষাৎ করতে গেলে তিনি এ আহ্বান জানান। বৈঠক শেষে প্রধানমন্ত্রীর প্রেস সচিব ইহসানুল করিম সাংবাদিকদের এ কথা জানান।
তৈরি পোশাক শ্রমিকদের জন্য সরকারের নেওয়া বিভিন্ন পদক্ষেপের উল্লেখ করে শেখ হাসিনা বলেন, বিগত ৬ বছরে তাঁর সরকার এ খাতে ২ শ শতাংশেরও বেশি মজুরি বাড়িয়েছে। এ ছাড়া এ খাতের নারী শ্রমিকদের জন্য ডরমিটরি নির্মাণ করা হয়েছে।
তিনি বাংলাদেশের তৈরি পোশাক খাত নিয়ে বিভিন্ন দেশের উদ্বেগের ক্ষেত্রে নেদারল্যান্ডসের ভূমিকার প্রশংসা করেন। শেখ হাসিনা বলেন, নেদারল্যান্ডস এ ব্যাপারে বাংলাদেশকে কখনো চাপ দেয়নি।
নারীর ক্ষমতায়ন প্রসঙ্গে প্রধানমন্ত্রী বলেন, বাংলাদেশে নারীর কর্মসংস্থানের পাশাপাশি তাদের শিক্ষার সুযোগও সৃষ্টি হচ্ছে।
বহির্বিশ্বের সঙ্গে যোগাযোগ (কানেকটিভিটি) বৃদ্ধির ওপর গুরুত্বারোপ করে প্রধানমন্ত্রী বিদ্যমান চট্টগ্রাম ও মংলা বন্দরের পাশাপাশি তাঁর সরকারের পটুয়াখালীতে পায়রা বন্দর নির্মাণর উদ্যোগের কথা উল্লেখ করেন। তিনি বলেন, প্রতিবেশী দেশগুলো চট্টগ্রাম ও মংলা ছাড়াও পায়রা বন্দর ব্যবহার করতে পারবে।
শেখ হাসিনা বাংলাদেশ ও নেদারল্যান্ডসের মধ্যে বিদ্যমান বন্ধুত্বপূর্ণ সম্পর্কে সন্তোষ প্রকাশ করেন। নেদারল্যান্ডসের বিদায়ী রাষ্ট্রদূতকে প্রধানমন্ত্রী বলেন, এদেশে তাঁর কার্যকালে দুদেশের সম্পর্ক নতুন মাত্রায় উন্নীত হয়েছে।
রাষ্ট্রদূত গারবেন ডি জং তৈরি পোশাক খাতে বাংলাদেশের ব্যাপক উন্নতির ভূয়সী প্রশংসা করে বলেন, এ খাত থেকে ২০২১ সালের মধ্যে বাংলাদেশের ৫০ বিলিয়ন মার্কিন ডলার আয়ের লক্ষ্যমাত্রা অর্জন করা সম্ভব। গারবেন বাংলাদেশের বন্দরগুলোর উন্নয়নের পাশাপাশি কৃষি, উদ্যান, প্রাণিসম্পদ ও ভূমি পুনরুদ্ধারে সহযোগিতার ব্যাপারে তার সরকারের আগ্রহের কথা প্রকাশ করেন। তিনি বলেন, অনেক খাতে বাংলাদেশ ও নেদারল্যান্ডস পরস্পরকে সহযোগিতা করতে পারে।
ডাচ রাষ্ট্রদূত ক্রিকেট বিশেষ করে একদিনের ক্রিকেটে বাংলাদেশের অভূতপূর্ব সাফল্যেরও প্রশংসা করেন।