বিদেশে থাকা কর্মীদেরও প্রশিক্ষণ দেওয়া হবে
দক্ষ কর্মী তৈরিতে নানা উদ্যোগ নেওয়া হয়েছে বলে জানিয়েছেন প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রী ইমরান আহমদ। তিনি বলেন, দক্ষ কর্মী তৈরির লক্ষ্যে সরকার বিদেশে অবস্থানরত বাংলাদেশি নাগরিকদেরও প্রশিক্ষণ দেওয়ার উদ্যোগ নিয়েছে। প্রাথমিকভাবে গ্রিসে এই প্রশিক্ষণ কার্যক্রম শুরু হলেও শিগগিরই বাহরাইন এবং সৌদি আরবে এটি চালুর পরিকল্পনা রয়েছে।
বৃহস্পতিবার অনলাইনে গ্রিসে বসবাসরত বাংলাদেশিদের রন্ধনশৈলী বিষয়ক প্রশিক্ষণ কর্মসূচি উদ্বোধন করার সময় এসব কথা বলেন ইমরান আহমদ। তিনি বলেন, ভবিষ্যতে বিদেশে বসবাসরতদের জন্য এই প্রশিক্ষণ কার্যক্রমে নতুন নতুন কোর্স অন্তর্ভুক্ত করা হবে। মন্ত্রণালয় সব সময় প্রবাসীদের পাশে রয়েছে। যথাযথ প্রশিক্ষণ নিয়ে দক্ষ কর্মী হিসেবে বিদেশের মাটিতে দেশের ভাবমূর্তি উজ্জ্বল করতে সবার প্রতি আহ্বান জানান তিনি।
প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রণালয়ের সচিব আহমেদ মুনিরুছ সালেহীন বলেন, দক্ষ কর্মী তৈরিতে প্রশিক্ষণের কোনো বিকল্প নেই। প্রশিক্ষণকে হতে যবে যথাযথ ও বাস্তবসম্মত, যাতে প্রশিক্ষণের সঙ্গে কর্মসংস্থান নিবিড়ভাবে যুক্ত থাকে। যথাযথ প্রশিক্ষণের মাধ্যমে বিদ্যমান শ্রমবাজারের চাহিদা পূরণ করা সম্ভব হবে। গ্রিসে বাংলাদেশ দূতাবাসের রাষ্ট্রদূত আসুদ আহমেদ অনুষ্ঠানে সভাপতিত্ব করেন।