বিদেশে থেকেও সিইসি যেন ভূমিকা রাখেন: ড. কামাল

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
ড. কামাল হোসেন।
ড. কামাল হোসেন।

নারায়ণগঞ্জ-৫ আসনের উপনির্বাচনে শক্তিশালী ভূমিকা রাখার জন্য বিদেশে অবস্থিত প্রধান নির্বাচন কমিশনারের প্রতি আহ্বান জানিয়েছেন বিশিষ্ট আইনজীবী ও গণফোরামের সভাপতি ড. কামাল হোসেন।

আজ মঙ্গলবার জাতীয় প্রেসক্লাবে নাগরিকদের পক্ষ থেকে আয়োজিত এক সংবাদ সম্মেলনে এ কথা বলেছেন কামাল হোসেন। আগামী বৃহস্পতিবার নারায়ণগঞ্জের উপনির্বাচন যাতে অবাধ ও নিরপেক্ষভাবে সম্পন্ন হয়, এ জন্য সবাইকে তিনি সতর্ক প্রহরীর ভূমিকায় থাকার আহ্বান জানিয়েছেন।

ড. কামাল হোসেন বলেন, ‘প্রধান নির্বাচন কমিশনারকে স্মরণ করিয়ে দিতে চাই, তিনি যেন তাঁর শক্তিশালী ভূমিকা রাখেন। আমরা জেনেছি, তিনি বর্তমানে বিদেশে আছেন। সেখান থেকেও যেন তিনি সেই ভূমিকা রাখতে পারেন, সেটা আমরা এখান থেকেই স্মরণ করিয়ে দিচ্ছি।’ 

সংবাদ সম্মেলনে জানানো হয়, উপনির্বাচন সামনে রেখে প্রধান নির্বাচন কমিশনারকে নাগরিকদের পক্ষ থেকে একটি চিঠি দেওয়া হয়েছে। ওই চিঠিতে নির্বাচন যাতে অবাধ ও সুষ্ঠু হয়, বিষয়টি উল্লেখ করা হয়েছে। একই সঙ্গে ভোটারদের জানমালের নিরাপত্তা যেন থাকে তাও চিঠিতে উল্লেখ করা হয়েছে। সংবাদ সম্মেলনে চিঠিটি পড়ে শোনান গণতান্ত্রিক আইনজীবী সমিতির সভাপতি সুব্রত চৌধুরী।

নাগরিক ঐক্যের আহ্বায়ক মাহমুদুর রহমান মান্না বলেন, আগামী পরশু যে নির্বাচন হতে যাচ্ছে, সেটা যেন গণতন্ত্রের পথে বাধা না হয়। এই নির্বাচন যেন একটি দৃষ্টান্ত হয়।